স্টাফ রিপোর্টার ॥ পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের ভারপ্রাপ্ত সচিব মোঃ মফিজুল ইসলামের সাথে শেরপুরের ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ১৬ মে মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই ভিডিও কনফারেন্সে প্রথমেই সূচনা বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন।
এরপর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন চন্দ্র পাল, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুপ্তা চাকমাসহ এলজিইডি, গণপূর্ত, জনস্বাস্থ্য, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীগণ কথা বলেন। ওইসময় আইএমইডি সচিব শেরপুরে বিভিন্ন দপ্তরের উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে জেনে সন্তোষ প্রকাশ করেন এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রকল্পগুলো সফলভাবে শেষ করার উপর তাগিদ দেন। সেইসাথে তিনি বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকায় প্রাক্কলন ব্যয়সহ সাইনবোর্ড টানানো এবং গণমাধ্যম কর্মীসহ স্থানীয় জনগণকে সম্পৃক্তকরণের মাধ্যমে সবার মাঝে তুলে ধরার উপরও গুরুত্বারোপ করেন। ওইসময় আইএমইডি’র সচিবের সাথে যুগ্ম সচিব বদরুল মজিদসহ দপ্তরের অন্যান্য শীর্ষ কর্মকর্তাগণ এবং শেরপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. একেএম রিয়াজুল হাসান, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান, ডাঃ সেকান্দর আলী কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল ও প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধারসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সাথে সম্পৃক্ত দপ্তরসমূহের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
























