জাহিদুল হক মনির, ঝিনাইগাতী (শেরপুর) ॥ ‘পাহাড়ি ঢলে তলায়ে গেছে বুরো (বোরো) আবাদ। গরু মহিষের জন্য ধার করে আনছি খেড় (গরুর শুকনো খাবার)। চুলায় পানি জমে আছে ২ দিন ধরে। এমুন সময় কৃষি ব্যাংকের ঋণ পরিশোধের জরুরি নোটিশ আইছে, অহন কি করবার আছে- যামুই বা কুনো-’ এ কথাগুলো শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কালিনগর গ্রামের কৃষক ফজলুর রহমানের। এবার বোরো মৌসুমে তার আবাদকৃত ৪ একর জমির ধান পানির নিচে। জমিতে ভালো ফসল দেখে আশায় বুক বেধে ছিলেন তিনি। হয়তো এবার ব্যাংকের ঋণসহ অন্যান্য ধার-দেনা পরিশোধ করা যাবে। কিন্তু তার স্বপ্ন এখন ভেঙ্গে গেছে। এ অবস্থা এখন শুধু কৃষক ফজলুর রহমানের একার নয়, উপজেলার বহু কৃষকের। কেউ কেউ অতিরিক্ত সুদে টাকা নিয়ে আবাদ করেছেন। বোরো আবাদ পানিতে তলিয়ে যাওয়ায় তারা এবার কিভাবে মহাজনের সুদের টাকা পরিশোধ করবেন তা নিয়ে হতাশ হয়ে পড়েছেন।
জানা যায়, এবার বোরো মৌসুমে এ উপজেলায় প্রায় ৫ হাজার হেক্টর জমির বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে। একদিকে ব্যাংকের ঋণের চাপ, অন্যদিকে দিকে তলিয়ে গেছে বোরো আবাদ। ওই চিন্তায় এখন কৃষকের মাথায় হাত পড়েছে।
এদিকে কৃষি ব্যাংক ঝিনাইগাতী শাখা সূত্র জানায়, এ উপজেলায় কৃষি ও কৃষি সম্পর্কিত ঋণের পরিমাণ ৩৯ কোটি ৭৭ লাখ ৯ হাজার টাকা। তন্মধ্যে খেলাপি ঋণের পরিমাণ ১৭ কোটি টাকা। আর ওই ঋণ খেলাপি গ্রাহক সংখ্যা ১১শ’ ৫০ জনকে গ্রেফতারি পরোয়ানা/মালামাল ক্রোকের পূর্ব সতর্কীকরণ জরুরি নোটিশ প্রদান করা হয়েছে। ঋণ আদায়ের ব্যাপারে ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আলী বলেন, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশে ক্ষতিগ্রস্ত হাওর এলাকা থেকে ঋণের টাকা তাগিদের ব্যাপারে স্থগিতাদেশ দিয়েছেন। কিন্তু এ উপজেলায় এখন পর্যন্ত সে ধরনের কোন চিঠি বা প্রজ্ঞাপন জারি হয়নি। ফলে এ এলাকার কৃষকদের প্রতি ঋণ পরিশোধের তাগিদ রয়েই গেছে।

























