ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ গত ক’দিনের অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের পানিতে ঝিনাইগাতী উপজেলায় ৫ হাজার হেক্টর জমির বোরো আবাদ পানির নিচে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে ১০ হাজার পরিবার। গত ২০ এপ্রিল থেকে অবিরাম বর্ষণ ও মহারশি, সোমেশ্বরী, কালঘোষা, মালিঝি নদীতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে উপজেলার ৭টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়।
ধানশাইল ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে শত শত একর জমির কাচা-পাকা বোরো ধানের ক্ষতি সাধিত হয়। ৫টি গ্রামের ৫ হাজার মানুষ পানিবন্দী হয়ে রয়েছে বলে জানান। মালিঝিকান্দা ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম তোতা জানান, তাঁর ইউনিয়নের শতশত একর জমির বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে ৮/১০টি গ্রামের শত শত মানুষ। ঝিনাইগাতী সদর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন বলেন, তার ইউনিয়নের বেশির ভাগ এলাকার বোরো ধান পানির নিচে তলিয়ে ক্ষতি সাধিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে শত শত মানুষ।
গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান মন্টু বলেন, পাহাড়ি ঢলের পানিতে তাঁর ইউনিয়নে বোরো ধানের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে শতাধিক পরিবার। হাতিবান্দা ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন দোলা বলেন, পাহাড়ি ঢলের পানিতে তাঁর ইউনিয়নের কয়েক শতাধিক বোরো ধানের ক্ষতি সাধিত হয়েছে। পানিবন্দী হয়েছে কয়েকটি গ্রাম। পানিবন্দী গ্রাম ও তলিয়ে যাওয়া বোরো এলাকাগুলো হচ্ছে কান্দুলী, কোচনীপাড়া, বাগেরভিটা, মারুয়াপাড়া, খাটুয়াপাড়া, হাসলিগাঁও, বানিয়াপাড়া, বাতিয়াপাড়া, রাঙ্গামাটিয়া, দাড়িয়ারপাড়, কালিনগর, বালিয়া গাঁও, জরাকুড়া, পাইকুড়া, সুরিহাড়া, মাটিয়াপাড়া, পাগলারমুখ, বনগাঁও চতল প্রভৃতি গ্রাম। সুরিহাড়া গ্রামের কৃষক মো. হাসান আলী, সাদ্দাম মন্ডল ও হাসেম আলী জানান, তাদের পাকা বোরো ধান পাহাড়ী ঢলের পানিতে তলিয়ে গেছে। ফলে তারা দিশেহারা হয়ে পড়েছে।
উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা রাঙ্গামাটি সহ বিভিন্ন পানিবন্দী এলাকা পরিদর্শন করেন। তিনি বলেন, চলতি মৌসুমে এ উপজেলায় ১৪ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। তাঁর মতে, কালবৈশাখী ঝড় ও পাহাড়ী ঢলের পানিতে সিংহভাগ জমির ধান ক্ষতি সাধিত হয়েছে। এ উপজেলার কৃষকদের কষ্টার্জিত বোরো আবাদের ক্ষতি হওয়ায় তারা এখন দিশেহারা। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা মো. কোরবান আলী বলেন, অতি বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে প্রায় ৫ হাজার হেক্টর জমির বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে।
শেরপুরের জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেন। তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণ করা হয়েছে। জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদান দেয়া হবে।























