নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : ভারত থেকে নেমে আসা বন্য হাতি আবারও হামলা চালিয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে। ৭ এপ্রিল শুক্রবার রাতে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের কালাকুমা গ্রামে হাতির আক্রমণের ঘটনার পর থেকে আতংকে রাত কাটাচ্ছেন এলাকাবাসী। শনিবার বিকেল পর্যন্ত ভারতের মেঘালয় সীমান্তের বারেঙ্গাপাড়া ঝালোপাড়া পাহাড়ে বন্য হাতির পালটি অবস্থান করছে বলে খবর পাওয়া গেছে।
জানা যায়, শুক্রবার রাতে ভারতের মেঘালয় সীমান্তের বারেঙ্গাপাড়া ঝালোপাড়া পাহাড় থেকে ভোগাইনদীর তীর দিয়ে অর্ধশত বন্যহাতির একটি দল কালাকুমা গ্রামে হামলা চালায়। ওইসময় ওই গ্রামের কৃষক মুছা মিয়া, জহুর উদ্দিন, শাজাহান আলী, আবু সামা ও বাবু মিয়ারসহ কয়েক জনের কয়েক একর বোরো আবাদ নষ্ট করে। পরে পার্শ্ববর্তী আবু সামার নামে এক কৃষকের বেগুন ক্ষেত খেয়ে এবং পা দিয়ে মাড়িয়ে নষ্ট করে। এছাড়া হাতির দলটি গ্রামের অর্ধশতাধিক নারিকেল গাছের চারা ভেঙে ফেলে। ওইসময় এলাকাবাসী মশাল জ্বালিয়ে ডাক চিৎকার করে হাতির দল তাড়ানো চেষ্টা করে। অবশেষে রাত ৩টার দিকে হাতির দলটি সীমান্ত পার হয়ে মেঘালয় রাজ্যের বারেঙ্গাপাড়ায় অবস্থান নেয়। সন্ধ্যার পর আবারও হাতির পালটি এলাকায় হানা দিতে পারে বলে গ্রামবাসীর মাছে বিরাজ করছে আতংক। কালাকুমা গ্রামের কৃষক মুছা মিয়া বলেন, হাতির আক্রমনে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রামচন্দ্রকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম খোকা বলেন, হাতি তাড়াতে মশাল জ্বালাতে রাতেই কেরোসিন তেলের ব্যবস্থা করা হয়েছে। ক্ষয়-ক্ষতির বিষয়টা ইউএনও স্যার কে জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান বলেন, হাতি আক্রমণে ক্ষয়ক্ষতির বিষয়টি ই্উপি চেয়ারম্যানের কাছ থেকে জেনেছি। ক্ষতির পরিমান নিরুপন করার জন্য বলা হয়েছে। বিষয়টি দেখে সহায়তা করা হবে।



















