নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানের সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। ৩ এপ্রিল সোমবার রাতে তিনানী বাজার সংলগ্ন টেংরাখালী মোড়ে ওই অগ্নিকাণ্ড ঘটে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা। তবে অগ্নিকাণ্ডটি পরিকল্পিত বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
জানা যায়, সোমবার রাতে বৈরি আবহাওয়ার জন্য সকলেই একটু আগেই দোকানপাট বন্ধ করে ফেলেন। কিন্তু রাত সাড়ে এগারোটার দিকে হাজী কৃষি বিতান থেকে আকস্মিক অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। ওইসময় আশপাশের লোকজন টের পেয়ে ডাক-চিৎকার দিয়ে আগুন নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। কিন্তু মুহূর্তেই আগুনের লেলিহান শিখায় পাশের মিস্টার অটো রিপিয়ারিং ওয়ার্কশপ, কমল ও মিজানুর রহমানের পৃথক ২টি চা-মুদির দোকান এবং মিলন স্টোর নামে আরেকটি মুদি-মনোহারি দোকান দাউ দাউ করে জ্বলতে থাকে। একপর্যায়ে ফায়ার সার্ভিসের নালিতাবাড়ী ইউনিট অগ্নি নির্বাপনে যোগ দেয়। পরে যৌথ চেষ্টায় রাত একটার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে দোকানে থাকা মালামাল ও দোকানঘরসহ সবকিছু পুড়ে ছাঁই হয়ে যায়। তবে হাজী কৃষি বিতানের মালিক সেকান্দর আলীসহ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ওই অগ্নিকাণ্ডকে পরিকল্পিত বলে দাবি করেছেন। তাদের তথ্যমতে, অগ্নিকাণ্ডের সময় বিদ্যুতই ছিল না।
এ ব্যাপারে শেরপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আবুল বাশার ওই অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত ছাড়া এখনই বলা যাচ্ছে না অগ্নিকাণ্ডটি বিদ্যুতের শর্ট সার্কিট থেকে না অন্য কোনভাবে হয়েছে।



















