জুবাইদুল ইসলাম, স্টাফ রিপোর্টার ॥ নানা উন্নয়ন-অগ্রগতির ধারাবাহিকতায় এবার ‘ভিক্ষুকমুক্ত শেরপুর’ গড়ার কার্যক্রম শুরু হয়েছে। ওই কার্যক্রমের আওতায় শেরপুরে ৩ এপ্রিল সোমবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জানানো হয়, ভিক্ষুকমুক্ত করার ক্ষেত্রে বাংলাদেশে খুলনা শহর এখন মডেল। তারই আদলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে প্রতিটি জেলাকে ভিক্ষুকমুক্ত করার কার্যক্রম শুরু হচ্ছে। শেরপুর জেলায় প্রাথমিক পর্যায়ে ৩ হাজার ৪শ ৪৬ জন ভিক্ষুককে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে মহিলা ভিক্ষুকের সংখ্যাই বেশি। উপস্থাপিত তথ্য মতে, সদর উপজেলায় ৫৭৪ জন মহিলা ও ১১৭ জন পুরুষসহ ৬৯১ জন, নকলায় ৫৬৩ জন মহিলা ও ৩৬১ জন পুরুষসহ ৯২৪ জন, নালিতাবাড়ীতে ৪৩৬ জন পুরুষ ও ৩১৬ জন মহিলাসহ ৭৫২ জন, শ্রীবরদীতে ৫৯২ জন মহিলা ও ৩৩২ জন পুরুষসহ ৯২৪ জন ও ঝিনাইগাতী উপজেলায় ৮০জন মহিলা ও ৭৫ জন পুরুষসহ ১৫৫ জন ভিক্ষুক রয়েছে। তবে উপজেলা পর্যায়ে তদারকির মাধ্যমে খুব শীঘ্রই ওই তালিকা চূড়ান্ত করা হবে। পেশাগত, বংশগত ও শারীরিক অক্ষমতায় নিঃস্ব হওয়াসহ ৯ ধরনের ব্যক্তিকে ভিক্ষুকের আওতায় নেওয়া হবে।
মতবিনিময় সভায় আরও জানানো হয়, জেলায় চূড়ান্ত করা ভিক্ষুকদের প্রাথমিক পর্যায়ে প্রতি উপজেলায় ৫ জন করে পুনর্বাসন করা হবে। সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ তহবিলের আওতায় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের তত্ত্বাবধানে ওই ৫ জনকে একটি করে ঘর নির্মাণ করে দেওয়া হবে। পরবর্তীতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করে পর্যায়ক্রমে ভিক্ষুকদের রিকশা-ভ্যান, সেলাই মেশিন ও গাভী প্রদান, মাসিক ভাতাসহ নানাভাবে পুনর্বাসনের আওতায় নেওয়া হবে। এজন্য জেলা প্রশাসক ও সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালকের যৌথ নামে একটি ফান্ড গঠন করা হবে।
ওইসময় জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন বলেন, শেরপুরের কৃতি পুরুষ ও খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সামাদের পরিকল্পনায় খুলনা নগরকে প্রথম ভিক্ষুকমুক্ত করা হয়। সেই মডেলকে বেছে নিয়ে সরকার এখন ৬৪ জেলাকেই ভিক্ষুকমুক্ত করার পরিকল্পনা গ্রহণ করেছে। আমরা বিশ্বাস করি, সবার সহযোগিতা নিয়ে খুলনার আদলে শেরপুরকেও শীঘ্রই ভিক্ষুকমুক্ত করতে পারব। ভিক্ষুকমুক্ত কার্যক্রমের প্রেক্ষাপট নিয়ে আলোকপাত করতে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলাম বলেন, আমরা প্রতিদিনই অন্যান্য অঙ্গনের বাইরেও জেলার প্রধান ৩টি অফিস জজকোর্ট, ডিসি অফিস ও এসপি অফিস অঙ্গনেও ভিক্ষুকদের অবস্থান লক্ষ্য করি। প্রাথমিক পর্যায়ে তাদের সাথে সরাসরি কথা বলে ওইসব অঙ্গণসহ জেলাকে ভিক্ষুকমুক্ত করার চিন্তা করা হয়। ইতোমধ্যে বয়স্ক ভাতা, ১০ টাকা কেজির চাল, কর্মসৃজন প্রকল্পসহ নানা সহায়তায় শেরপুর সদর উপজেলায় ১শ ৫০ জন ও নকলা উপজেলায় ৫০ জন ভিক্ষকুকে পুনর্বাসন করা হয়েছে। তিনি আরও জানান, খুলনা নগরকে বিভাগীয় কমিশনারের নেতৃত্বে ভিক্ষুকমুক্ত করার কার্যক্রমে সেখানকার পরিবেশ অধিদপ্তরের পরিচালক হিসেবে আমাদের বর্তমান জেলা প্রশাসকও শরিক ছিলেন। কাজেই সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরাও শেরপুরকে শীঘ্রই ভিক্ষুকমুক্ত করতে চাই।
জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের সভাপতিত্বে ওই মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার রফিকুল হাসান গণি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলাম, শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, নকলা উপজেলা চেয়ারম্যান মাহবুব আলী চৌধুরী, খামারবাড়ীর উপ-পরিচালক আশরাফ উদ্দিন, জেলা সমাজসেবার উপ-পরিচালক এআরএম ওয়াহিদুজ্জামান, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ পীযুষ চন্দ্র সূত্রধর, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সেলিম মিয়া, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা চাউলকল মালিক সমিতির প্রতিনিধি শামীম আহমেদ, সাংবাদিক সঞ্জীব চন্দ বিল্টু, দেবাশীষ ভট্টাচার্য প্রমুখ। সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ হেলালুজ্জামান সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব সরকার, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিন, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা এজেডএম শরীফ হোসেনসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ওই মতবিনিময় সভার শেষ পর্যায়ে ভিক্ষুকমুক্ত কার্যক্রমের আওতায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়কারী (এসডিজি) আবুল কালাম আজাদের সাথে ময়মনসিংহ বিভাগের অন্যান্য জেলাসহ শেরপুরের ভিডিও কনফারেন্স হওয়ার কথা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিদ্যুৎ বন্ধ থাকায় সেটি আর সম্ভব হয়নি।
























