ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে বোরোর রোপণ কার্যক্রম শেষ হয়েছে। কৃষক এখন ধানের ক্ষেত পরিচর্চায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। যে দিকে চোখ যায় শুধু সবুজ আর সবুজ। ধীরে ধীরে সবুজ হওয়া বোরো ক্ষেত এখন সবুজে একাকার ঠিক যেন সবুজের সমারোহ। কোথাও ধানের গোছাগুলো মোটা হতে হতে অনেকটা কালচে সবুজ হয়ে গেছে। এখন এগিয়ে চলছে পরিচর্যার কাজ। জমিতে চৈত্র মাসের মাঝামাঝি সময়ে দেখা মিলতে পারে ধানের শীষ। এ উপজেলায় আমন ধানের বাম্পার ফলন হওয়ায় ও বাজার দর ভাল থাকায় এবার কৃষকরা বোরো ধানেরও বাম্পার ফলনের আশা করছেন। পাশাপাশি চলতি মৌসুমে বিদ্যুৎ সরবরাহ ভাল থাকায় এবং সার, ডিজেল, পানি ও কীটনাশকসহ প্রয়োজনীয় কৃষি উপকরন সহজেই পাওয়ায় কৃষকরা বাম্পার ফলনের আশায় বুক বেঁধে আছেন।
কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলায় চলতি মৌসুমে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয় ১৩ হাজার ৯’শ৯৬ হেক্টর জমি। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে চাষ হয়েছে ১৪ হাজার ২’শ৯৫ হেক্টর জমিতে। এই পরিমাণ জমিতে সেচ সুবিধা দেয়ার জন্য মোট ২হাজার ৫’শ৭৩টি গভীর, অগভীর ও পাওয়ার পাম্প কাজ করছে। এর মধ্যে বিদ্যুৎচালিত গভীর নলকূপের সংখ্যা ৩১৯টি এবং ডিজেল চালিত ৬৭টি। বিদ্যুৎ চালিত অগভীর নলকূপের সংখ্যা ১হাজার ১’শ ৬০টি এবং ডিজেল চালিত ৬৭৯টি। পাওয়ার পাম্প ৩৪৮টি। এর মধ্যে বিদ্যুৎচালিত ৩৮টি এবং ডিজেল চালিত ৩১০টি।
গত আমন মৌসুমে বাম্পার ফলন এবং ধান-চালের ভাল দাম পাওয়ায় কৃষকরা এবারও নতুন আশা নিয়ে বোরো ধান রোপন করেছেন। অন্য বছরের তুলনায় এবার বিদ্যুৎ সরবরাহ ভাল থাকায় ও লো- ভোল্টেজ না থাকার কারণে কৃষকরা রাতদিন সেচযন্ত্র চালাতে পারছেন। অন্যদিকে সার, ডিজেল, পানি ও কীটনাশকসহ প্রয়োজনীয় কৃষি উপকরন সহজেই সরবরাহ হওয়ায় কৃষি বিভাগ ও কৃষকরা বাম্পার ফলনের আশা করছেন।
উপজেলা সদরের কৃষক আব্দুস সামাদ, বালিয়া গাঁও গ্রামের সাদ্দাম সহ অনেকেই জানান, বিদ্যুৎতের লো-ভোল্টেজ না থাকায় জমিতে সেচ সঠিক ভাবে দিতে পারছেন। প্রাকৃতিক দূর্যোগ না হলে এবার বাম্পার ফলনের আশা করছেন।
উপজেলা কৃষি অফিসার মো.কোরবান আলী জানান, কৃষকদের মাঝে সার, বীজসহ প্রয়োজনীয় কৃষি উপকরন শতভাগ নিশ্চিত করা হয়েছে। এখনো সারের পর্যাপ্ত মজুদ রয়েছে। এখন পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ অত্যান্ত ভাল। এ অবস্থা অব্যাহত থাকলে উপজেলায় বাম্পার ফলন হবে।

























