স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে কিশোর বিল্লাল হত্যা মামলার রায়ে ৩ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে শেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন ওই দ-াদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হচ্ছে সদর উপজেলার শেরিঘাট এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে ছানুয়ার হোসেন ওরফে মান্নান, একই এলাকার শাহাদত হোসেনের ছেলে বিশু ও শ্রীবরদী উপজেলার গিলাগাছা গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে নুর হোসেন। দণ্ডিতদের মধ্যে আসামি ছানোয়ার হোসেন পলাতক রয়েছে। এ নিয়ে ৪ দিনের ব্যবধানে একই আদালতে ৩ মামলায় ৬ জনের যাবজ্জীবন ও একজনের ১০ বছরের সশ্রম কারাদণ্ড হল।
আদালত সূত্রে জানা যায়, শেরপুর শহরের নবীনগর এলাকার মকবুল হোসেনের ছেলে কিশোর বিল্লাল হোসেনের সাথে দণ্ডিত আসামি মান্নান (১৫), বিশু (১৪) ও নুর হোসেনের (১৬) একটি চুরির ভাগ-বাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব চলছিল। ওই দ্বন্দ্বের জের ধরে ২০১১ সালের ২৩ মে রাতে শহরের শেরিঘাট ব্রিজের নিচে ডেকে নিয়ে তারা বিল্লালকে মরা গরুর হাড় দিয়ে কেচিয়ে নৃশংসভাবে হত্যা করে। এরপর হাত-পা বেঁধে গুম করার উদ্দেশ্যে একটি চোরাই ট্রাংকের ভেতর বিল্লালের লাশ ঢুকিয়ে ট্রাংকটি নদীতে ভাসিয়ে দেয়। পরদিন সকালে স্থানীয় ভাটারাঘাট ঈদগাহ মাঠসংলগ্ন নদীতে জেলেদের জালে আটকা পড়ে ট্রাংকটি। খবর পেয়ে থানা পুলিশ ওই লাশ উদ্ধার করে এবং একইদিন ওই ঘটনায় সদর থানার তৎকালীন এসআই আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে তদন্তকালে ৩ আসামিই গ্রেফতার হয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় এবং একই বছরের ৩১ আগস্ট ওই ৩ জনের বিরুদ্ধেই আদালতে অভিযোগপত্র দাখিল করেন এসআই মোস্তাফিজুর রহমান। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় বাদী, আসামির জবানবন্দি গ্রহণকারী ম্যাজিস্ট্রেট, চিকিৎসকসহ ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ সন্দোহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে ওই রায় ঘোষণা করা হয়।
মামলাটি রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু ও আসামি পক্ষে এডভোকেট আব্দুল মান্নান পরিচালনা করেন।

























