স্টাফ রিপোর্টার ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শেরপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ মার্চ রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই সভায় সুষ্ঠু ও সুন্দরভাবে দিবসটি উদযাপনে বিভিন্নজনের পরামর্শ গ্রহণসহ বিস্তারিত কর্মসূচি গ্রহণ ও কয়েকটি উপ-কমিটি গঠন করা হয়।
জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন চন্দ্র পাল, অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন শিকদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ হেলাল উজ্জামান সরকার, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নুরুল ইসলাম হিরু, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ সেলিম মিয়া, সমাজসেবা বিভাগের উপ-পরিচালক এআরএম ওয়াহেদুজ্জামান, কৃষি বিভাগের উপ-পরিচালক মোঃ আশরাফ উদ্দিন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আসলাম খান, জেলা কালচারাল অফিসার অমল বোস, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা ইউপি চেয়ারম্যান ফোরামের সভাপতি রফিকুল ইসলাম, পৌর প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল প্রমুখ।



















