শ্যামলবাংলা ডেস্ক : চারিদিকে পিনপতন নীরবতা। কেউ কোনো কথা বলছে না। শোকে বিহ্বল মুখগুলোর দিকে তাকানো যাচ্ছে না। গভীর শোকে আচ্ছন্ন ব্রাজিলের শাপেকো শহরের হাজার হাজার ফুটবলপ্রেমী। ইতিহাস বানাতে গিয়ে কালের অন্তরালে হারিয়ে গেলেন নিজেদের সন্তান-স্বজনরা। কেবল শাপেকোই নয়, শোকের মাতম এখন ব্রাজিলে।
সোমবার এক বিমান দূর্ঘটনায় শাপেকোয়েন্স ক্লাবের ফুটবলাররা নিহত হওয়ার ঘটনায় শোকের ছায়া বিরাজ করছে ব্রাজিলের বিভিন্ন শহরে। শোক পালন করতে ক্লাবের সমর্থকরা পায়ে হেঁটে স্টেডিয়ামে গিয়ে স্মরণ করেছে নিহতদের। শোকার্তদের মিছিলে যোগ দিয়েছেন অন্য ক্লাবের সদস্যরাও। একই দিনে শহরের ক্যাথিড্রালে অনুষ্ঠিত হয় আরেকটি শোকসভা।
কলম্বিয়ার ম্যাচটি হবার কথা ছিল শাপেকোয়েন্সের ইতিহাসে সেটি ছিল সবচেয়ে বড় ম্যাচ। কিন্তু নিয়তির চাওয়া ছিল ভিন্ন। সোমবার মধ্যরাতে কলম্বিয়ার ম্যাডেলিন বিমান বন্দরে অবতরনের আগেই বিধ্বস্ত হয় বিমানটি।
মর্মান্তিক এই দুর্ঘটনায় ৭৭ আরোহীর মধ্যে প্রাণে বেঁচে যায় মাত্র ছয়জন! বিমান দুর্ঘটনার কারন এখনো জানা যায়নি। সূত্রগুলো জানিয়েছে, যান্ত্রিক গলযোগই দূর্ঘটনার কারণ। অন্য সূত্রগুলো বলছে, জ্বালানি স্বল্পতার জন্যই অবতরণের আগেই বিধ্বস্ত হয় বিমানটি।
বেঁচে যাওয়া বিমানের একমাত্র ক্রু জিমেনা সুয়ারেজ বলেন, ‘লাইটগুলো নিভে যাচ্ছিল, তারপর আর কিছু মনে নেই।’
মঙ্গলবার সন্ধ্যায় ফুটবলারদের আত্মীয় স্বজনসহ প্রায় দশ হাজার মানুষ শাপেকোর অ্যারেনা কন্ডা স্টেডিয়ামে মিলিত হয়ে নিহতের উদ্দেশ্যে শোক প্রার্থনা করেন। ক্লাবের জার্সির সাথে মিলিয়ে সাদা-সবুজ রঙেরই পোশাক পড়েন তারা। ওই ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষনা করেছে ব্রাজিল। আর দেশের ফুটবল ক্লাবগুলো পালন করছে ৭ দিনের শোক।
মঙ্গলবার ট্রেনিং শুরু আগে এক মিনিটের নীরবতা পালন করেছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। বার্সা সুপারস্টার লিওনেল মেসি তার এক টুইট বার্তায় লিখেছেন, ‘শাপেকোয়েন্সের সমর্থক, নিহত আহতদের পরিবারের প্রতি আমার গভীরতম সহমর্মিতা…।”
আর ইংল্যান্ডের তারকা ফুটবলার ওয়েইন রুনি বলেন, ‘প্রার্থনা করি, বিমান দূর্ঘটনায় নিহতদের স্বজনরা যেন শোক সহ্য করার শক্তি অর্জন করতে পারেন।’ কলম্বিয়ার যে ক্লাবের সাথে শাপেকোয়েন্সের খেলার কথা ছিল সেই অ্যাথলেটিকো ন্যাশিওনাল ক্লাব প্রতিপক্ষকে জয়ী ঘোষণা করার অনুরোধ জানিয়েছে। সূত্র : বিবিসি


























