স্টাফ রিপোর্টার ॥ জেলা পরিষদ নির্বাচনে শেরপুরে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীকে বরণ করতে প্রস্তুত স্থানীয় আওয়ামী লীগ। এ উপলক্ষে ২৬ নভেম্বর শনিবার সন্ধ্যায় শহরের চকবাজারস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যৌথ সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পালকে চেয়ারম্যান পদে মনোনীত করায় দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সভায় আরও কৃতজ্ঞতা প্রকাশ করা হয় জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিক এমপির প্রতি। সেই সাথে মনোনীত চেয়ারম্যান প্রার্থীকে বিজয়ী করতে বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিদের সম্পৃক্তকরণসহ দলের নেতা-কর্মীদের আন্তরিকতার সাথে কাজ করার উপর গুরুত্বারোপ করা হয়। অন্যদিকে ঢাকা থেকে মনোনীত চেয়ারম্যান প্রার্থীর শেরপুরে আগমন উপলক্ষে রবিবার সকাল ১০টায় নকলা থেকে তাকে দলীয়ভাবে বরণ করতেও সিদ্ধান্ত নেওয়া হয় ওই সভায়।
জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এডভোকেট মজদুল হক মিনুর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের সঞ্চালনায় ওই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি খন্দকার নজরুল ইসলাম, আব্দুল খালেক, জমশেদ আলী ও মিনহাজ উদ্দিন মিনাল, যুগ্ম সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম ও এডভোকেট সুব্রত কুমার দে ভানু, সাংগঠনিক সম্পাদক বশিরুল ইসলাম শেলু ও আনোয়ারুল হাসান উৎপল, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ এম এ বারেক তোতা, বন ও পরিবেশ সম্পাদক রফিকুল ইসলাম, সদস্য অধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমির আলী সরকার, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসরিন রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি জুনায়েদ নুরানী মনি প্রমুখ।
























