নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে ‘পরিবর্তনের অঙ্গীকারে একতাবদ্ধ’ এ শ্লোগানকে সামনে রেখে জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে উদ্বোধন ঘোষণা করা হল বাংলাদেশ ডিজিটাল নেটওয়ার্ক (বিডিএন) এর আনুষ্ঠানিক কার্যক্রম। ২১ নভেম্বর সোমবার সকালে শেরপুরের মধুটিলা ইকোপার্কে শেরপুর, জামালপুর ও ময়মনসিংহ জেলার ৮টি উপজেলার ক্যাবল টিভি নেটওয়ার্ক সমূহের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ওই সংগঠনের যাত্রা শুরু হয়। এতে ক্যাবল অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)’র অর্থ সম্পাদক মেহেদী হাসান হালিমের সভাপতিত্বে কোয়াবের সভাপতি তালাত ইকবাল, সাধারন সম্পাদক লায়ন মো. ফিরোজুল ইসলাম বিশেষ অতিথির বক্তব্য রাখেন। ওই সময় বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ের ক্যাবল অপারেটর মালিক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দিনব্যাপি ওই অনুষ্ঠানের সকালে অতিথিদের ফুলের শুভেচ্ছা, আলোচনা সভা শেষে দুপুরে প্রীতিভোজ ও বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
























