মোঃ মোশারফ হোসেন, নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। ২ নভেম্বর বুধবার দুপুরে শহরের মুক্ত মঞ্চে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলার ৩১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচী রবি/২০১৬-১৭ মৌসুমের জন্য বিনামূল্যে গমের বীজ ও রাসায়নিক সার এবং সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করণ প্রকল্পের আওতায় ১০টি কৃষক গ্রুপের মাঝে ১০টি এলএলপি এবং ফুট পাম্প বিতরন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন শেরপুর খামার বাড়ির উপ-পরিচালক আশরাফ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, নকলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবীর, উপজেলা কৃষক লীগের সভাপতি আলমগীর আজাদ প্রমুখ। এছাড়া অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক খলিলুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আঃ রশিদ সরকার, আদর্শ কৃষক মন্নাফ খাঁসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
কৃষি অফিস সূত্র জানায়, ওই ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে কৃষি প্রণোদনা হিসেবে জনপ্রতি ২০ কেজি করে গমের বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরন করা হয়। তবে এলএলপি এবং ফুট পাম্প ১০ হাজার টাকা জামানতের মাধ্যমে দেওয়া হয়েছে এবং ওই পাম্প ফেরত দেওয়ার সময় জামানতের টাকা কৃষককে ফেরত দেওয়া হবে।

























