শাকিব খানকে প্রশংসায় ভাসালেন শুভশ্রী

খবর টি পড়েছেন : ১৫৯
শাকিব খানকে প্রশংসায় ভাসালেন শুভশ্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

subosri-l2-5শ্যামলবাংলা ডেস্ক : ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খানকে প্রশংসায় ভাসালেন কলকাতার জনপ্রিয় চিত্রনায়িকা শুভশ্রী গাঙ্গুলী। যৌথ প্রযোজনায় নির্মিত ‘প্রেম কি বুঝিনি’ ছবির প্রচারণায় কলকাতার এ নায়িকা এখন ঢাকায় অবস্থান করছেন। সোমবার বিকেলে ছবিটি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেখানেই শাকিবের ভূয়সী প্রশংসা করেন টালিগঞ্জের এই সেনসেশন অভিনেত্রী।
শুভশ্রী বলেন, ‘চলতি বছরের মে মাসে শাকিব খানের সঙ্গে আমার প্রথম দেখা হয় লন্ডনে। সেখানে আমি ‘প্রেম কি বুঝিনি’ ছবির শুটিংয়ে গিয়েছিলাম আর শাকিব গিয়েছিল ‘শিকারি’ ছবির শুটিংয়ে। শুটিংয়ের ফাঁকে আমাদের কথা হয়েছিল। প্রথম সাক্ষাতেই তাকে দারুণ লেগেছিল। ভীষণ হ্যান্ডসাম এবং চমৎকার বন্ধুসুলভ একজন মানুষ।’ তিনি বলেন, ‘এরপর সেখানেই দুই দেশের প্রযোজনা প্রতিষ্ঠানের সম্মতিতে আমার সঙ্গে শাকিব খানের জুটি বেঁধে একটি ছবিতে কাজ করার কথা হয়।’
‘পরাণ যায় জ্বলিয়া রে’ ছবির এ নায়িকা আরও বলেন, “‌শাকিব খান অভিনীত ‘শিকারি’ ছবিটি আমাদের কলকাতায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। একইসঙ্গে শাকিবকে ওপারের (কলকাতা) দর্শকরা দারুণভাবে গ্রহণ করেন। বাংলাদেশে যে এত বড় সুপারস্টার ছিলেন সেটা আমার জানা ছিল না। আমি নিজেও ইউটিউবে তার বর্তমান কাজগুলো দেখে তার ফ্যান হয়ে গেছি। আশা করছি শাকিবের বিপরীতে কাজ করতে পারলে বাংলাদেশে আমার জনপ্রিয়তা আরো বাড়বে।”
“আগামীতে তার সঙ্গে একটি নতুন ছবিতে কাজের প্রাথমিক কথা হয়েছে। কিছুদিন পর পূজায় আমার অভিনীত ‘প্রেম কি বুঝিনি’ এবং ‘অভিমান’ নামে দুটি ছবি মুক্তি পেতে যাচ্ছে। সে কারণে এসব ছবির প্রচারণায় দৌড়াদৌড়ি করতে হচ্ছে। এরপরই আমার হাতে শাকিব খানের বিপরীতে নায়িকা হতে যাওয়া ছবির স্ক্রিপ্ট পৌঁছবে। আশা করছি, ডিসেম্বর নাগাদ ছবির কাজ শুরু হবে এবং আগামী ভালোবাসা দিবসে ছবিটি মুক্তি দেয়া হবে। বিষয়টি নিয়ে আমি ভীষণ এক্সাইটেড” -বললেন রবি কিনাগী পরিচালিত ‘বস’ ছবির এ নায়িকা।
এদিকে, প্রযোজনা প্রতিষ্ঠান জাজ সূত্রে জানা গেছে, শাকিব-শুভশ্রীকে নিয়ে ছবিটি নির্মাণ করবেন ‘শিকারি’ ছবির পরিচালক জয়দীপ মুখার্জি। তবে এ ছবির নাম এখনো চূড়ান্ত হয়নি। আপাতত চিত্রনাট্যের কাজ চলছে।
প্রসঙ্গত, ‘সত্ত’ ছবিতে পাওলি দাম আর ‘শিকারি’ ছবিতে শ্রাবন্তী অভিনয় করেছিলেন শাকিব খানের বিপরীতে। ঢাকাই ছবির জনপ্রিয় এই নায়কের সঙ্গে এবারই প্রথমবার অভিনয় করতে যাচ্ছেন ভারতের কলকাতার মিষ্টি নায়িকা শুভশ্রী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঈদে সিনেমা হলগুলোতে তিন ছবির জমজমাট লড়াই পরবর্তী সংবাদ সন্তানদের নিয়ে ব্র্যাডের সাথে জোলির চুক্তি

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads