শ্যামলবাংলা ডেস্ক : এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে ৩ ছবি। এর মধ্যে আলোচনার শীর্ষে রয়েছে জাজ মাল্টিমিডিয়ার ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘রক্ত’ছবিটি। ওই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন পরীমনি। ছবিতে একজন অ্যাকশন কন্যা হিসেবে তাকে দেখা যাবে। তার বিপরীতে অভিনয় করেছেন নবাগত রোশন। আরও অভিনয় করেছেন অমিত হাসান, আশীষ বিদ্যার্থী, বিপ্লব চ্যাটার্জি, সুব্রত প্রমুখ।
ছবিটি সারা দেশে ৬৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। তবে সংখ্যায় কম হল মনে হলেও দেশের সব বড় বড় সিনেমা হলে ছবিটি মুক্তি পাচ্ছে। এটি মূলত নারীপ্রধান গল্পের ছবি। ছবিতে যেমন আছে অ্যাকশন, তেমনি আছে রোমান্স। বর্তমানের দর্শকরা যে ধরনের ছবি দেখতে চান ‘রক্ত’ তেমনই একটি ছবি। দর্শকরা ছবিটি পছন্দ করবেন বলে আশা করছি। ছবিটি ভারত থেকে প্রযোজনা করছে এসকে মুভিজ।
এছাড়াও শাকিব খানের সাথে নবাগতা বুবলির ‘বসগিরি’ ছবিটিও আলোচনায় পিছিয়ে নেই। শামীম আহমেদ রনী পরিচালিত ছবিটির গান দর্শকদের মুগ্ধ করেছে। খান ফিল্মসের ব্যানারে ‘বসগিরি’ ছবিতে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাদেক বাচ্চু, মিজু আহমেদ, অমিত হাসান, মাজনুন মিজান, কলকাতার রজতাভ দত্ত প্রমুখ।
পরিচালকের দাবি, ছবিতে ভিন্ন এক শাকিবকে দর্শক দেখতে পাবেন। ইতোমধ্যে দর্শক মহলে ছবির গান ও ট্রেইলার দারুণ প্রশংসিত হয়েছে। ঈদে ৯৫টি হলে ছবিটি মুক্তি পাবে। একটু ভিন্নধর্মী গল্প নিয়ে ছবিটি নির্মাণের চেষ্টা করা হয়েছে। শাকিবের পাশাপাশি বুবলীর অভিনয় দেখে মুগ্ধ হবেন দর্শকরা এমনটাই জানিয়েছেন পরিচালক রনী।

এবারের ঈদে শাকিব খানের আরেকটি ছবি মুক্তি পাচ্ছে। রাজু চৌধুরী পরিচালিত ‘শুটার’ ছবিতে শাকিবের বিপরীতে রয়েছেন বুবলি। এরইমধ্যে দেড়শ’র মতো সিনেমা হল বুকিং করে এগিয়ে রয়েছে শুটার। ঢাকার বাইরের পাশাপাশি ঢাকায়ও সর্বোচ্চ সিনেমা হল পেয়েছে। শুধু ঢাকা জেলার ছোট-বড় মিলিয়ে ১৩টি প্রেক্ষাগৃহে চলবে ছবিটি। মোট ১৫৬টি হলে এ ছবিটি মুক্তি পাবে শুটার। শাকিব খানের ‘শুটার’ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন নবাগত নায়িকা বুবলী। শাকিব বুবলি ছাড়াও অভিনয় করেছেন সম্রাট, শাহরিয়াজ, কবির তিথি, মিশা সওদাগর।
























