স্টাফ রিপোর্টার : শেরপুরের শ্রীবরদীতে ৫ সেপ্টেম্বর সোমবার বিভিন্ন হোটেল রেস্তোরায় ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী, পণ্য উৎপাদন, বিক্রী এবং মূল্যতালিকা না থাকার অভিযোগে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫ হোটেল-রেস্তোরাকে অর্থদন্ড করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে শ্রীবরদীর ইউএনও খালেদা নাছরিন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আরিফুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে শ্রীবরদী বাজারের লাখো হোটেলের মালিক খলিলুর রহমানকে ১ হাজার টাকা, তাতিহাটি বাজারের সেলিম মিয়ার হোটেলকে ১ হাজার টাকা, ভায়াডাঙ্গা বাজারের সোনার বাংলা হোটেলের মালিক শওকত হোসেনকে ১ হাজার টাকা, রাজধানী হোটেলের মালিক গোলাপ হোসেনকে ১ হাজার টাকা ও মিনা মিয়াকে ১ হাজার টাকা অর্থদন্ড দিয়ে তাৎক্ষনিক জরিমানার অর্থ আদায় করা হয়। এসময় এসব হোটেল-রেস্তোরা থেকে পোড়া অস্বাস্থ্যকর তেল, ক্ষতিকর সোডা, রং ও বিভিন্ন কাঁচামাল এবং রান্না করা খাবার জব্দ করে সেসব ধ্বংস করা হয়। এদিকে, ভায়াডাঙ্গা বাজারে হোটেল-রেস্তোরায় অভিযানকালে বাজারের অন্যান্য সকল দোকানপাট বন্ধ করে ব্যবসায়ীরা সটকে পড়েন। অভিযানে জেলা স্বাস্থ্য বিভাগের স্যানেটারি ইন্সপেক্টর মুতাসিম বিল্লাহ আজাদ, ক্যাব জেলা কমিটির সম্পাদক হাকিম বাবুল, শ্রীবরদী থানার উপ-পরিদর্শক (এসআই) সাজিদুল ইসলাম সহ সঙ্গিয় ফোর্সরা সাথে ছিলেন।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আরিফুল ইসলাম জানান, জনমনে সচেতনতা সৃষ্টি এবং নকল ও ভেজাল পন্য খাবার বন্ধ করতে নিয়মিত বাজার মনিটরিং কর্মসূচীর অংশ হিসেবে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, ক্যাব ও পুলিশ সার্বিক সহায়তা করেন।

























