স্টাফ রিপোর্টার : আধুনিক নাগরিক বোধের কবি সদ্য প্রয়াত শহীদ কাদরীর স্মরণে শেরপুরে আলোচনা সভা ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে। ২ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে কবি সংঘ’র আয়োজনে ওই স্মরণসভায় প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার প্রধান অতিথি ও শেরপুর সরকারি কলেজের সহকারি অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু মূখ্য আলোচক হিসেবে অংশ নেন।
কবি সংঘ’র সভাপতি তালাত মাহমুদের সভাপতিত্বে স্মরণসভায় অন্যান্যের মধ্যে আলোচনা ও কবিতা পাঠে অংশ নেন সংগঠনের সাধারণ সম্পাদক ড. আবদুল আলীম তালুকদার, সিনিয়র সহ-সভাপতি কবি আরিফ হাসান, জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি মোঃ সুরুজ্জামান, নবারুণ পাবলিক স্কুলের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, কবি-সাংবাদিক মোহাম্মদ জুবায়ের রহমান, কবি হাসানুজ্জামান শরাফত, কবি খন্দকার মোস্তাফিজুল হক, কবি মহিউদ্দিন বিন্ জুবায়েদ, কবি হাসান খালিদ সাইফুল্লাহ স্যান্ডো, শাহীন খান, কামরুজ্জামান বাদল, এমদাদুল হক রিপন, মঞ্জুরুল হক, আনোয়ারা বেগম, সাগর আহমেদ প্রমুখ।
উল্লেখ্য, কবি হিসেবে শহীদ কাদরীর নাম যতটা পরিচিত তাঁর কবিতার সাথে পাঠক ততটা পরিচিত নন। কারণ মৃত্যুর আগ পর্যন্ত কবি দীর্ঘ ৩৭ বছর প্রবাসে কাটিয়েছেন। ষাটের দশকের কবি হয়েও তিনি শামসুর রাহমান, আল মাহমুদ, সৈয়দ শামসুল হক প্রমূখ কবির সমপার্যায়ের কবি হিসেবে সমাদৃত হন। কবির প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৪টি। মোট কবিতা ১২৬টি। ১৯৭৩ খ্রিস্টাব্দে কবি বাংলা একাডেমী পুরস্কার ও ২০১১ খ্রিস্টাব্দে একুশে পুরস্কার লাভ করেন। মা মাটি মানুষ, প্রকৃতি ও জীব-বৈচিত্র্য এবং আধুনিক নাগরিক জীবন বোধ ও স্বদেশপ্রেমী কবি শহীদ কাদরী ১৯৪২ খ্রিস্টাব্দের ১৪ আগস্ট ঢাকায় জন্ম গ্রহণ করেন। মৃত্যুবরণ করেন ২৮ আগস্ট ২০১৬ খ্রিস্টাব্দে নিউইয়র্কের একটি হাসপাতালে।























