ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের সীমান্তবর্তী উপজেলা ঝিনাইগাতীতে ‘আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন’ বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুলাই সোমবার বিকেলে উপজেলার বাকাকুড়া আদিবাসী গির্জা স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত ওই সভার আয়োজন করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। সভায় সভাপতিত্ব করেন ঝিনাইগাতী ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান নবেশ খকশী।
সভায় শেরপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী ভাস্কর কান্তি চৌধুরী বলেন, সরকার আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছেন। এ লক্ষ্যে এলজিইডির পক্ষ থেকে ঝিনাইগাতীর সীমান্তবর্তী অঞ্চলে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ শিক্ষা প্রতিষ্ঠান, হাট-বাজার, পানীয় জল ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে বিশ্ব ব্যাংকের অর্থ সহায়তায় দ্বিতীয় পল্লী পরিবহন উন্নয়ন প্রকল্পের (আরটিআইপি-২) আওতায় ১০ কোটি টাকা ব্যয়ে ঝিনাইগাতী উপজেলার গ্রোথ সেন্টার থেকে সীমান্ত সড়ক হয়ে বাকাকুড়া বাজার পর্যন্ত নয় দশমিক সাত কিলোমিটার সড়ক সম্পূর্ণ নতুন করে নির্মাণ করা হচ্ছে। এর ফলে এ অঞ্চলের মানুষের সড়ক যোগাযোগের ক্ষেত্রে প্রভুত উন্নয়ন হবে। সেইসঙ্গে তাঁরা সহজেই পণ্য পরিবহনসহ এক স্থান থেকে অন্যস্থানে যাতায়াত করতে পারবেন।
সভায় আরও বক্তব্য রাখেন এলজিইডির জ্যেষ্ঠ পরামর্শক মো. আক্তারুজ্জামান, পুনর্বাসন বিশেষজ্ঞ মো. আব্দুল গফুর, জ্যেষ্ঠ সমাজ বিজ্ঞানী মো. কবিরুল ইসলাম, সমাজ বিজ্ঞানী জাহিদুল ইসলাম, নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আইয়ুব আলী, ইউপি সদস্যা লতিফা বেগম, ব্র্যাকের ব্যবস্থাপক আমেনা খাতুন, ইউপি সদস্য হযরত আলী, স্থানীয় এলাকাবাসী প্রভা মারাক, প্রভাত মারাক প্রমুখ।
সভায় আদিবাসী জনগোষ্ঠী, জনপ্রতিনিধি, উপকারভোগী ও গণ্যমান্য ব্যক্তিসহ প্রায় দুই শতাধিক এলাকাবাসী অংশ গ্রহণ করেন।























