স্টাফ রিপোর্টার ॥ শেরপুর জেলা শহরের প্রাণকেন্দ্র নয়ানী বাজার এলাকায় এক বিধবার কয়েক কোটি টাকা মূল্যের বাসা ও মার্কেট দখল ও গ্রাসের পায়তারার অভিযোগ ওঠেছে। বিষয়টি লিখিতভাবে থানা পুলিশকে জানানো হলেও দখল আতঙ্কে ভুগছেন ওই অসহায় মহিলা। অন্যদিকে ওই ঘটনায় অসহায় মহিলার পাশে দাঁড়িয়েছে মহিলা পরিষদ।
অভিযোগে প্রকাশ, ঝিনাইগাতী উপজেলার পাইকুড়া শালদা এলাকার বাসিন্দা সিদ্দিকুর রহমান দীর্ঘ প্রায় ৪০ বছর পূর্ব হতে শহরের নয়ানী বাজার এলাকায় পৈত্রিক সূত্রে প্রাপ্ত সাড়ে ৯ শতাংশ ভূমির মধ্যে প্রায় ৯ শতাংশ ভূমির মধ্যেই ‘লুলু মার্কেট’ প্রতিষ্ঠা করে ভাড়ায় পরিচালনা এবং অবশিষ্টাংশে বাসা নির্মাণ করে বসবাস করে আসছিলেন। ওই মার্কেটের ভেতরেই রয়েছে অভিজাত বস্ত্রবিতান পরিমল বস্ত্রালয়, জননী বস্ত্রালয়, সুবর্ণা টেইলার্স ও দি নিউ স্টাইল টেইলার্স। সিদ্দিকুর রহমান জনতা ব্যাংকের ডিজিএম হিসেবে চাকরি থেকে অবসর গ্রহণের পর প্রায় এক বছর আগে মৃত্যুবরণ করেন। তার কোন পুত্র সন্তান না থাকায় এবং ২ কন্যা সন্তান বৈবাহিক সূত্রে স্ব-স্ব স্বামীর বাড়িতে থাকায় সিদ্দিকুর রহমানের স্বত্বদখলীয় লুলু মার্কেটের ভেতর অংশে থাকা ক্ষুদ্র বাসায় বসবাস করে আসছেন তার স্ত্রী লুৎফে আরা বেগম। কিন্তু লুৎফে আরা বেগমের অসহায়ত্বের সুযোগ নিয়ে পাশের মার্কেটের মালিক সদর উপজেলার গণইভরুয়াপাড়া এলাকার মৃত মোজাহারুল হক ওরফে বেটু ডাক্তারের ছেলে মোঃ নুরুজ্জামান সম্প্রতি রেকর্ডমূলে ওই ভূমির মালিকানা দাবি করে বাসা ও মার্কেটের দখল ছেড়ে দেওয়ার তাগিদ দেন। ওই অবস্থায় লুৎফে আরা বেগম নিজের বাসা-মার্কেটের দখল ছাড়তে অস্বীকৃতি জানালে ১৪ জুলাই বিকেলে পাশের মার্কেটের মালিক নুরুজ্জামান তার সঙ্গীয় লোকজন নিয়ে দেয়াল ভেঙে বসতঘর দখলের অপচেষ্টা চালায়। বিষয়টি পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয় এবং তাদের পরামর্শে সদর থানায় মোঃ নুরুজ্জামানসহ ৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয়। কিন্তু এরপরও থেমে থাকেনি নুরুজ্জামানের অপতৎপরতা। যে কারণে ওই বিধবা মহিলা রয়েছেন দখল-উচ্ছেদের চরম আতঙ্কে। ওই অবস্থায় তিনি মহিলা পরিষদের স্মরণাপন্ন হলে ১৯ জুলাই জেলা মহিলা পরিষদের সভানেত্রী জয়শ্রী দাস লক্ষ্মীর নেতৃত্বে একদল নেতৃবৃন্দ তার বাসায় গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং ওই মহিলার কাছ থেকে ঘটনার বিস্তারিত শুনে তার পাশে থাকতে আশ্বস্ত করেন। ওইসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসরিন রহমান, জনউদ্যোগ আহবায়ক আবুল কালাম আজাদ, সাবেক কমিশনার নীরু শামছুন্নাহার নীরা, আঞ্জুমান আরা যুথী, শিরিন আক্তার প্রমুখ। এরপর ২১ জুলাই মহিলা পরিষদ নেতৃবৃন্দ ওই বিধবা মহিলাকে সাথে নিয়ে হুইপ আতিউর রহমান আতিক, জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিম ও পুলিশ সুপার মোঃ মেহেদুল করিমের কাছে পৃথক পৃথকভাবে স্মারকলিপি প্রদান করেন।
এ ব্যাপারে দখল আতঙ্কে থাকা লুৎফে আরা বেগম অভিযোগ করে বলেন, নুরুজ্জামান একজন যুদ্ধপরাধী লোক। তার বিরুদ্ধে একাত্তরের যুদ্ধকালীন সময়ে অনেক লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে। আজ যখন তাদের শীর্ষ নেতাদের চূড়ান্ত বিচার হচ্ছে, ঠিক তখন তিনি পরিবারের অন্যান্য লোকজনদের নিয়ে আমার অসহায়ত্বের সুযোগে জাল কাগজপত্র সৃজন করে একতরফাভাবে বিআরএস রেকর্ড সংশোধন হাসিল করে আমার কয়েক কোটি টাকার সম্পদ মার্কেট ও বাসা বেদখল ও গ্রাসের হুমকি দিচ্ছে। তিনি আরও বলেন, নুরুজ্জামানের এক তরফা রেকর্ড কারেকশনের বিষয়ে আমার স্বামী মৃত্যুর পূর্বাহ্নে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে পুনঃবিচারের দাবিতে একটি মামলা দায়ের করে গেছেন, যা এখনও চলমান।
অন্যদিকে প্রতিপক্ষ নুরুজ্জামানের সাথে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে তার ঘনিষ্ঠ সূত্র জানায়, বিআরএস রেকর্ডে সংশোধনমূলেই নুরুজ্জামান ওই মার্কেট-বাসার জমি দাবি করছেন।























