স্টাফ রিপোর্টার : শেরপুরে অটোরিক্সা উল্টে এসিডে ঝলসে গেছে ২ কলেজছাত্রীর শরীর। ১৭ জুলাই রবিবার সকালে সদর উপজেলার আমতলী এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। তারা হচ্ছে সদর উপজেলার ফটিয়ামারী এলাকার কৃষক খাইরুল ইসলামের মেয়ে মারুফা (১৭) ও একই এলাকার কৃষক জাকারিয়ার মেয়ে জেরিন (১৭)। তারা দু’জনই পার্শ্ববর্তী ভীমগঞ্জ বাজারস্থ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। গুরুতর আহত অবস্থায় ওই ২ কলেজছাত্রীকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার রৌহা ইউনিয়নের ফটিয়ামারী এলাকা থেকে অটোরিক্সাযোগে মারুফা ও জেরিন ভীমগঞ্জ কলেজে যাবার পথে আমতলী ব্রিজের কাছে পেছন দিক থেকে একটি সিএনজি তাদের অটোরিক্সাকে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে অটোরিক্সাটি যাত্রীসহ উল্টে খাদে পড়ে গেলে অটোরিক্সায় থাকা ব্যাটারির কেসিং ভেঙে এসিড গিয়ে পড়ে কলেজছাত্রী মারুফা ও জেরিনের শরীরে। এতে জেরিনের মুখ-বুকসহ শরীরের অনেকাংশ ও মারুফার হাতসহ শরীরের কিছু অংশ সাথে সাথে ঝলসে যায়। দুর্ঘটনায় পাশ্ববর্তী হালগড়া এলাকার হবি (৪৫) নামে অটোচালকও আহত হয়। ওইসময় এলাকাবাসী তাদের উদ্ধার করে দ্রুত জেলা সদর হাসপাতালে পাঠায়।
এদিকে, পেছন থেকে ধাক্কা দেওয়া সিএনজিটির চালক পার্শ্ববর্তী গড়পাড়া এলাকার আবুল হোসেনের ছেলে জনি (২০) ওইসময় মদ্যপ ছিলেন বলে এলাকাবাসী অভিযোগ করলেও ঘটনার পরপরই সে সটকে পড়ে।























