স্টাফ রিপোর্টার : মাটির স্বাস্থ্য সুরক্ষায় ধৈঞ্চা খুবই কার্যকরি একটি সবুজ সার। এজন্য খরিপ-১/২০১৬-১৭ মৌসুমে শেরপুর জেলায় কৃষক পর্যায়ে ধৈঞ্চা চাষ সম্প্রসারণে বিশেষ কর্মসূচী বাস্তবায়ন করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রণোদনা কর্মসূচীর আওতায় এবার কৃষকদের উদ্ধুদ্ধকরণের মাধ্যমে জেলায় ২শ জন কৃষক ৪০ একর জমিতে ধৈঞ্চা চাষ করানো হয়েছে। ওইসব ধৈঞ্চা আমন মৌসুমের শুরুতেই ক্ষেতের সাথে মিশিয়ে দেওয়ায় সবুজ সার হিসেবে মাটির উর্বরতা বৃদ্ধিতে কাজ করবে বলে জানান কৃষি কর্মকর্তারা।
শেরপুর সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নের শালচুড়া গ্রামে ১২ জুন মঙ্গলবার ধৈঞ্চা চাষের ওপর এক প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত হয়। স্থানীয় দেওয়ানী বাড়ী চত্বরে আয়োজিত মাঠ দিবসে সদর উপজেলা চেয়ারম্যান মো. ছানুয়ার হোসেন ছানু প্রধান অতিথি ও ভাইস চেয়ারম্যান শামীম আরা শামীমা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শেরপুর খামারবাড়ীর উপ-পরিচালক কৃষিবিদ মো. আশরাফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান আওলাদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা পিকন কুমার সাহা, অতিরিক্ত উপ-পরিচালক মো. আব্দুস সাত্তার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জোবেদা বেগম প্রমুখ বক্তব্য রাখেন।

























