স্টাফ রিপোর্টার : শেরপুরের জেলা ও দায়রা জজ মোঃ মোজাম্মেল হকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১২ জুলাই মঙ্গলবার দুপুরে জেলা আইনজীবী সমিতির আয়োজনে প্রথম সংবর্ধনা অনুষ্ঠান সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসীর সভাপতিত্বে ২ নং বার ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ওইসময় বিদায়ী অতিথির উদ্দেশ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ মোসলেহ উদ্দিন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট চন্দন কুমার পাল পিপি, সাবেক সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম, জেলা জজ আদালতের জিপি এডভোকেট আবুল কাশেম, স্পেশাল পিপি এডভোকেট গোলাম কিবরিয়া বুলু, সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট এমকে মুরাদুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট এটিএম জাকির হোসেন, সিনিয়র আইনজীবী নিতাই লাল হোড়, এডভোকেট আখতারুজ্জামান, এডভোকেট নুরুল ইসলাম ও এডভোকেট হরিদাস সাহা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সমিতির অডিটর এডভোকেট শাহীদ উল্লাহ শাহী এপিপি। অনুষ্ঠানে জজশীপ ও ম্যাজিস্ট্রেসীর অন্যান্য বিচারকমন্ডলীসহ আইনজীবীগণ উপস্থিত ছিলেন।
এছাড়া জেলা ও দায়রা জজ মোঃ মোজাম্মেল হকের বিদায় উপলক্ষে ১৩ জুলাই বুধবার সকালে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে এক পৃথক সংবর্ধনা অনুষ্ঠান লিগ্যাল এইডের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোঃ মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, সাধারণ সম্পাদক এডভোকেট এমকে মুরাদুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার ও এডভোকেট আবুল মানসুর স্বপন, সহ-সভাপতি এডভোকেট হরিদাস সাহা, এডভোকেট শাহ মোঃ শাহীন হাসান খান প্রমুখ। এ অনুষ্ঠানেও জজশীপ ও ম্যাজিস্ট্রেসীর বিচারকমন্ডলী এবং আইনজীবীগণসহ লিগ্যাল এইড কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
দুটি বিদায় অনুষ্ঠানেই শেরপুরের আইনজীবী নেতারা বিদায়ী জেলা ও দায়রা জজের মূল্যায়ন করতে গিয়ে বলেন, তিনি একজন সৎ ও দক্ষ বিচারক ছিলেন। ন্যায় বিচার নিশ্চিত করাই ছিল তার মূল লক্ষ্য। এছাড়া তার সততা ও নিষ্ঠার ছোঁয়ায় জজশীপ ও ম্যাজিস্ট্রেসীর মধ্যে একটি সুদৃঢ় পারিবারিক বন্ধন তৈরি হয়েছিল, যার ইতিবাচক প্রভাব পড়েছিল আইনজীবীসহ গোটা বিচার অঙ্গণের সাথে সম্পৃক্ত অন্যান্যদের মাঝেও।
উল্লেখ্য, তিনি গত বছরের ১৮ ফেব্রুয়ারি শেরপুরে জেলা ও দায়রা জজ হিসেবে যোগদান করে চলতি ১২ জুলাই পর্যন্ত দায়িত্ব পালন করেন। চাকুরীর প্রায় শেষ পর্যায়ে এসে তিনি বদলী হয়ে আইন মন্ত্রণালয়ে সলিসটর হিসেবে যোগদান করছেন।























