স্টাফ রিপোর্টার : শেরপুরে প্রতিপক্ষের হামলায় আহত মো. আশরাফ আলী (৩৮) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২ জুলাই মঙ্গলবার সকালে মারা গেছেন। আশরাফ শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের জঙ্গলদী মাইরাদী গ্রামের মো. আব্দুর রেজ্জাকের ছেলে।
জানা যায়, দীর্ঘদিন যাবত পারিবারিক কোন্দল ও টাকাপয়সার লেনদেন নিয়ে সদর উপজেলার জঙ্গলদী মাইরাদী গ্রামের সৈয়দ আলীর ছেলে মো. মামুন মিয়ার সঙ্গে কৃষক আশরাফ আলীর বিরোধ চলে আসছিল। এর জের ধরে ১০ জুলাই রবিবার বিকেল ৫ টার দিকে মামুন মিয়ার নেতৃত্বে ৩০-৩৫ জন লোক দেশীয় ধারালো অস্ত্র নিয়ে আশরাফ আলীর বাড়িতে হামলা চালান। হামলায় আশরাফ ও তাঁর প্রতিবেশী মোশাররফ হোসেন গুরুতর আহত হন। আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় আশরাফ আলীকে মচিমহায় ভর্তি করা হলে মঙ্গলবার সকাল ৮টায় তিনি সেখানে মারা যান। ঘটনার পরপরই হামলাকারীরা পালিয়ে যান।
শেরপুর সদর থানার এসআই জীবন চন্দ্র বর্মণ জানান, ওই ঘটনায় নিহত আশরাফের স্ত্রী কাঞ্চন খাতুন বাদী হয়ে মামুন মিয়াকে প্রধান আসামি করে ২৪ জনকে সুনির্দিষ্টভাবে এবং অজ্ঞাতনামা আরও ১০-১২ জনের বিরুদ্ধে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।




