স্টাফ রিপোর্টার : বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ৬ জুলাই বুধবার শেরপুরে শ্রীশ্রীজগন্নাথদেবের রথযাত্রা উৎসব উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী হিন্দু নারী-পুরুষ জেলা শহরের গোপালবাড়ী মন্দির থেকে পুষ্পরথটি টেনে নয়আনী বাজার কালিমাতার মন্দিরে নিয়ে যান। ওই সময় এখানে অনুষ্ঠিত হয় বিশেষ পূজা অর্চনা। রথযাত্রা উপলক্ষে নয়আনী বাজার কালিমাতার মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হয়। এ ছাড়া রথযাত্রা উৎসবের পূণ্যতিথিতে কৃষি ডিপ্লোমা ইন্সটিটিউিটসংলগ্ন শ্রীশ্রী গোপীনাথ ও অন্নপূর্ণা মন্দিরে বার্ষিক পূজা অনুষ্ঠিত হয়। ওইসব ধর্মীয় অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।























