স্টাফ রিপোর্টার : ‘বন বাঁচাই, বন্যপ্রাণি বাঁচাই, প্রকৃতি বাঁচাই, আমরা বাঁচি’-শ্লোগানে শেরপুরে বন-বন্যপ্রাণি-প্রকৃতি সংরক্ষণের ওপর সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। নাগরিক সংগঠন জনউদ্যোগ এ অনুষ্ঠানের আয়োজন করে। সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ৩ জুন শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত এ সচেতনতামুলক সভায় বক্তব্য রাখেন বনবিভাগের প্রকৃতি, জীববৈচিত্র ও বন্যপ্রাণি সংরক্ষণ কর্মকর্তা মো. কামারুজ্জামান।
জনউদ্যোগ শেরপুর কমিটির সভাপতি শিক্ষাবিদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সাংবাদিক আমিরুজ্জামান লেবু, মনিরুল ইসলাম লিটন, ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী ফর্সা, আদিবাসী নেতা যুগল কিশোর কোচ, হাতি সুরক্ষা দলের দলনেতা মো. হাসমত আলী, সুমন্ত বর্মন, শাড়ি জেলা সমন্বয়কারি মো. সোলায়মান আহমেদ প্রমুখ।
সভায় জনউদ্যোগ সদস্য সচিব হাকিম বাবুল বনবিভাগের এক জরিপের উদ্ধৃতি দিয়ে জানান, বাংলাদেশে এখন অন্তত: ২১৯ প্রজাতির বন্যপ্রাণী বিপন্ন অবস্থায় রয়েছে। এ তালিকায় ৪২ প্রজাতির উভচরের মধ্যে ৮টি, ১৫৭ প্রজাতির সরিসৃপেরে মধ্যে ৬০টি, ৭৩৬ প্রজাতির পাখির মধ্যে ৪৭টি এবং ১২৪ প্রজাতির স্তন্যপায়ী প্রাণীর মধ্যে ৪৩টি বন্যাপ্রাণীর অস্তিত্ব হুমকির সম্মুখীন। ক্রমবর্ধমান জনসংখ্যা, বনভুমি ধ্বংস ও অপরিকল্পিত উন্নয়ন কর্মকান্ডের কারণে এসব জীববৈচিত্র্য আজ হুমকির মুখোমুখি। সেইসাথে সম্প্রতি শেরপুরের শ্রীবরদীতে একটি চিতাবাঘ এবং ঝিনাইগাতীতে দুটি গন্ধগোকুলকে স্থানীয় লোকজন পিটিয়ে হত্যা করা এবং গুলি করে, বিদ্যুতের ফাঁদ পেতে চারটি হাতি মারার ঘটনা তুলে ধরে বন্যপ্রাণীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানান। ব
জেলা প্রকৃতি, জীববৈচিত্র ও বন্যপ্রাণি সংরক্ষণ কর্মকর্তা মো. কামারুজ্জামান বলেন, বন প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে। বন্যপ্রাণি বনকে রক্ষা করে। বন বাঁচলে, বন্যপ্রাণি বাঁচলে প্রকৃতি রক্ষা পাবে। প্রকৃতি রক্ষা পেলে আমরা বাঁচবো। আসুন সবাই মিলে বন-বন্যপ্রণি প্রকৃতিকে রক্ষা করি। বন্যপ্রাণির প্রতি সহিংসতা বন্ধ করি, তাদের প্রতি সদয় হই। লোকালয়ে বন্যপ্রাণি দেখা গেলে তাদের প্রতি সহিংস আচরন ও উত্যক্ত না করে বনবিভাগের লোকদের সংবাদ দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্কুল-কলেজ পড়–য়া শিক্ষার্থী, স্থানীয় হাতি সুরক্ষা দল সদস্য, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, জনপ্রতিনিধি,, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও আদিবাসী নেতৃবৃন্দ সহ পাঁচ শতাধিক সুধীবৃন্দ অংশগ্রহণ করেন। পরে কোচ আদিবাসী সাংস্কৃতিক একাডেমীর শিল্পীদের সচেতনতামুলক সঙ্গীত ও নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
























