স্টাফ রিপোর্টার : শেরপুরে দু’দিনব্যাপী ‘বৃহত্তর ময়নসিংহ জেলা গণসঙ্গীত উৎসব উপলক্ষে ২ জুন বৃহস্পতিবার সন্ধ্যায় শেরপুর প্রেসক্লাবে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন উৎসব উদযাপন কমিটির নেতারা। ওইসময় উৎসবের প্রেক্ষাপট তুলে ধরে খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবুল ফারাহ পলাশ বলেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের সহায়তায় এবার দেশের বৃহত্তম ১৯টি জেলায় গণসঙ্গীত উৎসব হচ্ছে। এ উৎসবের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের চেতনায় প্রত্যন্ত অঞ্চলের সবাইকে জাগ্রত করাই আমাদের মূল লক্ষ্য। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গণসঙ্গীত উৎসব উদযাপন পরিষদের আহবায়ক এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু, সদস্য সচিব সঞ্চিতা হোড় দীপু, জেলা রবীন্দ্র সম্মিলন পরিষদের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া ও প্রচার উপ-কমিটির আহবায়ক, প্রেসক্লাব সম্পাদক সাবিহা জামান শাপলা। উৎসব কমিটির অন্যান্য নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন এডভোকেট শক্তিপদ পাল, আব্দুল হান্নান ও মমিনুল ইসলাম। ওইসময় উৎসব নেতৃবৃন্দের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার।
উল্লেখ্য, ‘ছিড়ে ফেল দৃঢ় হাতে চক্রান্তের জাল’Ñ এ শ্লোগানকে ধারণ করে শেরপুরে শুরু হচ্ছে দু’দিনব্যাপী ‘বৃহত্তর ময়নসিংহ জেলা গণসঙ্গীত উৎসব’। ৩ জুন শুক্রবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই উৎসবের উদ্বোধন করবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সভাপতি, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুস। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করŸেন বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদের সভাপতি, বরেণ্য গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সদস্য ও ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি আমির আহমেদ চৌধুরী রতন। গণসঙ্গীত সমন্বয় পরিষদের সম্পাদকমন্ডলীর সদস্য মানজার চৌধুরী সুইটের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন গণসঙ্গীত উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব সঞ্চিতা হোড় দীপু। এতে শুভেচ্ছা বক্তব্য রাখবেন গণসঙ্গীত উৎসব উদযাপন পরিষদের আহবায়ক এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু ও জেলা রবীন্দ্র সম্মিলন পরিষদের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া। উদ্বোধনী দিনে শেরপুরের উদীচী শিল্পীগোষ্ঠী, ঝিনাইগাতী আদিবাসী সাংস্কৃতিক দল, ময়মনসিংহের মুকুল নিকেতন, নেত্রকোনার শতদল সাংস্কৃতিক গোষ্ঠীসহ একক সঙ্গীত পরিবেশন করবেন ফকির আলমগীর, সঞ্চিতা হোড় দীপু ও আবিধ্য রহমান সেতু।
শনিবার দ্বিতীয় দিনে একই স্থানে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শেরপুর পৌরসভার দু’দফায় নির্বাচিত মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। উৎসব উদযাপন পরিষদের আহবায়ক এডভোকেট ইমাম হোসেন ঠান্ডুর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদের সম্পাদকমন্ডলীর সদস্য ফকির সিরাজ ও খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবুল ফারাহ পলাশ। সমাপনী দিনে জাতীয় রবীন্দ্র সম্মিলন পরিষদ, বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা, পাতাবাহার খেলাঘর আসর, জামালপুরের রবীন্দ্র সম্মিলন পরিষদ, কিশোরগঞ্জের নরসুন্দা সঙ্গীত পরিষদ ও উদীচী কেন্দ্রীয় সংসদসহ একক সঙ্গীত পরিবেশন করবেন ফকির সিরাজ ও আরিফ রহমান।
ওই উৎসবকে ঘিরে শেরপুরে সাংস্কৃতিক কর্মীদের মাঝে ব্যাপক চাঞ্চল্য ফিরে এসেছে। উৎসবকে সফল করতে বিভিন্ন উপ-কমিটির নেতা-কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।
























