নকলা প্রতিনিধি : কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি করার প্রকল্পের আওতায় উদ্ভাবিত ধান কর্তন ও মাড়াইয়ের যন্ত্রের মাধ্যমে শেরপুরের নকলায় যান্ত্রিকভাবে ধান কর্তন ও মাড়াই প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ৮ মে রবিবার দুপুরে উপজেলার চরকৈয়া গ্রামে কৃষক ফরিদুল ইসলামের ইরি বোরো ক্ষেতে ধান কেটে ওই মাড়াই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

ওই প্রকল্পের আওতায় উদ্ভাবিত ধান কর্তন, মাড়াই ও বস্তা প্রক্রিয়া করণ মেশিনটির নাম দেয়া হয়েছে ‘কম্বাইন হারভেস্টার’। এ যন্ত্রটির মূল্য ৬ লক্ষ টাকা। এর মাধ্যমে ধান কর্তন, মাড়াই ও বস্তা প্রক্রিয়াকরণ একই সাথে সম্পন্ন হয়। এতে একর প্রতি খরচ হয় ৮শ থেকে ১ হাজার টাকা। প্রতি ঘন্টায় এক একরের অধিক জমির ধান কাটা ও মাড়াই সম্পন্ন হয় বলে উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির জানান। যন্ত্রটি ব্যাপক প্রসারের জন্য উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে রবিবার দুপুরে নকলা পৌরসভার চরকৈয়া এলাকায় কৃষক ফরিদুল ইসলামের বোরো ধান ক্ষেতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন কৃষি বিভাগের উপপরিচালক (শৈষ্য) এফ. এম. মোবারক আলী, উপপরিচালক (পিপি) আব্দুস সামাদ, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন কবির, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল ওয়াদুদ, জুনিয়র কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা মোফাজ্জল হোসেন, শেরপুর সরকারি কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটের শিক্ষার্থী জিয়াউল হক ও আতিউর রহমানসহ বিপুল সংখ্যক কৃষক/কৃষাণী উপস্থিত ছিলেন।




