রেজাউল করিম বকুল, শ্রীবরদী : বেপরোয়া হয়ে ওঠেছে শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী কর্ণঝোড়ার বালু খেকোরা। ওইসব খেকোরা পাগলা নদীর বুক চিরে চালাচ্ছে বালু উত্তোলন। এতে সৃষ্টি হচ্ছে ভুমি ধ্বস। ভাঙছে নদীর দু’পাড়। ইতোমধ্যে বাবেলাকোনা হতে হারিয়াকোনা সড়কের প্রায় আধা কিলোমিটার নদী গর্ভে বিলীন হয়েছে। যেকোন সময় বিলীন হতে পারে বাবেলাকোনা আদিবাসী উচ্চ বিদ্যালয়সহ এলাকার ঘর বাড়ি। ভেঙে পড়তে পারে ক’বছর আগে প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মিত বাবেলাকোনা ব্রিজ। প্রভাবশালী একটি মহল ১০/১২টি ড্রেজার মেশিন দিয়ে উত্তোলন করছে বালু। এদের নেই কোন বৈধতা। এরপরও চলছে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন। প্রতিদিন বালু উত্তোলনে বন্ধ হয়ে পড়ছে যাতায়াতের একমাত্র সড়ক। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন বাবেলাকোনা, হারিয়াকোনা, দিঘলাকোনা ও চান্দাপাড়াবাসীসহ সীমান্তে চলাচলকারীরা।
ভারতের মেঘালয় থেকে জেলার সীমান্তবর্তী শ্রীবরদীর গারো পাহাড়ের বুক চিরে বয়ে এসেছে খরস্রোতা পাগলা নদী। এলাকাবাসীর অভিযোগ, পাগলা নদী থেকে মেঘাদল ও বাবেলাকোনা এলাকায় ইউপি চেয়ারম্যান আবু রায়হান বাবুল, ইউপি সদস্য সিদ্দিক মিয়া, মাসুদ ও আল আমিনসহ ৭/৮ জন ১০/১২ টি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছে। এতে প্রতিদিন ভেঙে পড়ছে নদীর দু’পাড়। ইতোমধ্যে মেঘাদল হতে হারিয়াকোনা সড়কের বাবেলাকোনা আদিবাসী উচ্চ বিদ্যালয় যাওয়ার সড়কটির প্রায় এক কিলোমিটার ভেঙে গেছে নদী গর্ভে। হুমকির মুখে পড়েছে বাবেলাকেনা উচ্চ বিদ্যালয়, মেঘাদল, চান্দাপাড়া ও হারিয়াকোনাসহ সীমান্তের চলাচলকারীরা। ক’মাস থেকে হারিয়াকোনা, দিঘলাকোনা ও বাবেলাকোনা গ্রামের লোকজনসহ দৈনন্দিন চলাচলে শতশত মানুষ মারাত্মক সমস্যার সন্মুখীন হচ্ছেন। স্থানীয় ইউপি সদস্য ও আদিবাসী সংগঠন ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ভূপেন্দ্র মান্দা এ প্রতিনিধিকে বলেন, এ নদী থেকে বালু উত্তোলন বন্ধের জন্যে জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম ও শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার হাবিবা শারমিন এর নিকট একাধিক বার অভিযোগ দিয়েছি। কিন্তু কোনো ব্যবস্থা হচ্ছে না। বরং দিন দিন বালু উত্তোলনের মাত্রা আরও বেড়েছে। এভাবে বালু উত্তোলন চলতে থাকলে অচিরেই বাবেলাকোনা ও চান্দাপাড়া গ্রামের বেশ কিছু ঘরবাড়ি নদী গর্ভে বিলীন হবে। ভেঙে পড়বে সীমান্তে চলাচলে একটি ব্রিজসহ কয়েক কিলোমটিার সড়ক। বাবেলাকোনা আদিবাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্ণিয়া সাংমা বলেন, বালু উত্তোলনে বাবেলাকোনার প্রায় এক কিলোমটিার সড়ক নদী গর্ভে চলে গেছে। এতে মেঘাদল, কর্ণঝোড়া ও চান্দাপাড়া গ্রাম থেকে আসা শতাধিক শিক্ষার্থীর গ্রামের ভিতর দিয়ে বাড়ি বাড়ি ঘুরে পায়ে হেটে বিদ্যালয়ে আসতে হচ্ছে। এভাবে চলতে থাকলে অচিরে বিদ্যালয়টিও নদী গর্ভে ডুবে যাবে। উপজেলা ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সদ্য নির্বাচিত চেয়ারম্যান প্রাঞ্জল এম সাংমা বলেন, বালু উত্তোলনে বাবেলাকোনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়সহ অনেক ঘরবাড়ি এখন হুমকির মুখে। এছাড়া হারিয়াকোনা, বাবেলাকোনা, চান্দাপাড়া ও দিঘলাকোনাসহ সীমান্তের চলাচলে প্রতিদিন শতশত মানুষ হয়রানীর শিকার হচ্ছেন। এখন চলাচলে আর কোনো যান বাহন চলে না। পায়ে হেটেও যেতেও মারাত্মক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। একমাত্র এ সড়ক ও পাগলা নদীর বাবেলাকোনা ব্রিজটির আশপাশেও দেখা দিয়েছে ভাঙন। এভাবে বালু উত্তোলন চলতে থাকলে অচিরেই ব্রিজটিও ভেঙে পড়তে পারে। তিনি আরও বলেন, বালু উত্তোলনকারীরা এখন বেপরোয়া হয়ে ওঠেছে। তবে বালু উত্তোলনের সাথে জড়িত নয় বলে উল্লেখ করে ইউপি চেয়ারম্যান ও সিংগাবরুনা বিএনপি সভাপতি আবু রায়হান বাবুল বলেন, এখানে যাদের নাম বলেছেন, তারা জড়িত। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের নিকট জানানো হয়েছে। তিনি বালু উত্তোলন বন্ধের জন্যে অভিযান চালাবেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার হাবিবা শারমিন বলেন, বালু উত্তোলন বন্ধের জন্যে একাধিকবার অভিযান চালানো হয়েছে। এখন বালু উত্তোলনের সংবাদ পেলে আবার অভিযান চালানো হবে। অভিযোগ আছে, বালু উত্তোলনের অনুমতি না থাকলেও দীর্ঘদিন যাবত চলছে বালু উত্তোলনের ধ্বংসলীলা। অভিযোগে প্রকাশ, স্থানীয় ইউনিয়ন ভূমি অফিসকে ম্যানেজ করেই তারা এ কাজ করছে। ফলে বালু উত্তোলন বন্ধে অভিযান হলেও থেমে থাকেনা বালু উত্তোলন। এতে বিনিময় হচ্ছে মোটা অংকের উৎকোচ। এখন যেন আরো বেপরোয়া হয়ে ওঠেছে বালু খোকোরা। সম্প্রতি সচেতন মানুষের মাঝে প্রশ্ন ওঠেছে, ওই বিষয়ে প্রশাসন আদৌ কি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন ?
























