স্টাফ রিপোর্টার : দেড়শ’ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী শহর শেরপুর। কিন্তু দীর্ঘদিনেও পরিকল্পিত নগরায়ন বিশেষ করে পরিবেশ সংরক্ষণে সুষ্ঠু নীতিমালার অভাবে নাগরিক সেবার কাঙ্খিত উন্নয়ন সম্ভব হচ্ছেনা। শহরের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ, ফুটপাত হকারমুক্ত করণ, ময়লা-আবর্জনা, ডাস্টবীন-ড্রেনেজ সিস্টেম, গণশৌচাগার ব্যবস্থাপনা উন্নতকরণ বিষয়ে পরিচ্ছন্ন সবুজায়ন শহরের দাবিতে এক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ২৮ মার্চ সোমবার পৌর টাউন হল মিলানয়তনে নাগরিক প্ল্যাটফরম ‘জনউদ্যোগ’-এর আয়োজনে অনুষ্ঠিত এ নাগরিক সংলাপে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।
সংলাপের শুরুতেই জনউদ্যোগ আহ্বায়ক আবুল কালাম আজাদ ‘সবুজায়ন শহর চাই’ শীর্ষক একটি ধারণাপত্র উপস্থাপন করে ৭ দফা প্রস্তাবনা তুলে ধরেন। পরে অংশগ্রহণকারী নাগরিকরা তাদের বিভিন্ন দুর্ভোগ, সমস্যা ও পরিচ্ছন্ন সবুজ শহর গড়ে তুলতে নানা সুপারিশ ও প্রস্তাব উল্লেখ করে বক্তব্য রাখেন।
সমাপনী বক্তব্যে মেয়র লিটন আগামী ৬ মাসের মধ্যে শেরপুরকে ঝকঝকে পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ডাস্টবিনের সংখ্যা বাড়ানো, নিয়মিত ময়লা-আবর্জনা পরিস্কার করা, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের আশ্বাস দেন। একইসাথে আগামী ২০১৯ সালে সার্ধশতবর্ষ উদযাপন উপলক্ষ্যে শেরপুর পৌরসভাকে ক্লিন-গ্রিন, আধুনিক, ডিজিটাল শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। খুব শীঘ্রই শহরের নিউমার্কেট এলাকাকে ওয়াইফাই জোন করার ঘোষনা দেন। তিনি সকল পৌরবাসীর সহায়তা কামনা করে বলেন, নিয়মিত ট্যাক্স, ফি, পানির বিল, মার্কেটের ভাড়া সহ পৌরসভার বিভিন্ন পাওনা পরিশোধ করে পৌরবাসীকে তাদের নাগরিক দায়িত্ব পালনেরও আহ্বান জানান।
জনউদ্যোগ সদস্যসচিব সাংবাদিক হাকিম বাবুলের সঞ্চালনায় সংলাপে অন্যান্যের মাঝে শেরপুর চেম্বারের সহ-সভাপতি আলহাজ্ব হায়দার আলী, সমাজকর্মী রাজিয়া সামাদ ডালিয়া, প্যানেল মেয়র হোসনে আরা নাজমা, সাংবাদিক সুশীল মালাকার, পৌর কাউন্সিলর হাবীবুর রহমান, জেলা চালকল মালিক সমিতির সহ-সভাপতি আলহাজ্ব দুলাল মিয়া, অধ্যাপক শিব শংকর কারুয়া, প্রেসক্লাব সাধারন সম্পাদক সাবিহা জামান শাপলা, ব্যবসায়ী হুমায়ুন কবীর, হারার সাহা, খেলাঘর সম্পাদক নন্দ সাহা, নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি শামসুল হুদা, শামীম মিয়া, জেলা কুড়া ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল আজিজ প্রমুখ বক্তব্য রাখেন। সংলাপে পৌর পরিষদের কাউন্সিলরবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, শহরের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, সমাজকর্মী, এনজিও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
























