ads

রবিবার , ২০ মার্চ ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেষ মুহূর্তের প্রচারণায় মুখরিত নালিতাবাড়ী : নৌকা-ধানের শীষের ফলাফলে ব্যাঘাত ঘটাবে বিদ্রোহীরা

খবর টি পড়েছেন : ১৮১
শেষ মুহূর্তের প্রচারণায় মুখরিত নালিতাবাড়ী : নৌকা-ধানের শীষের ফলাফলে ব্যাঘাত ঘটাবে বিদ্রোহীরা
পড়ার সময়: ৭ মিনিট
ফন্ট:

UP-election1স্টাফ রিপোর্টার : প্রথম ধাপের আওতায় আগামী ২২ মার্চ শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার ১২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থী এবং উভয় দলে মনোনয়নবঞ্চিত হয়ে বিদ্রোহী প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীসহ চেয়ারম্যান পদে ৫৩ জন, সদস্য পদে ৩৬৩ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১৩ জনসহ সর্বমোট ৫২৯ জন প্রার্থীর শেষ মুহূর্তের প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে পাহাড়ী জনপদ নালিতাবাড়ী। ওইসব প্রার্থীরা এখন স্ব-স্ব ইউনিয়ন-এলাকায় ভোট প্রার্থনা করে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। অন্যদিকে অধিকাংশ ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থীর সাথে বিএনপি প্রার্থী এবং আওয়ামী লীগ প্রার্থীর সাথে বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করায় নির্বাচনে সংঘাত-সংঘর্ষের আশংকায় উৎকণ্ঠায় রয়েছেন নিরীহ ভোটাররা। স্থানীয় প্রশাসন বলছে, ভোট হবে অবাধ ও নিরপেক্ষ। সংগাত এড়াতে প্রতি কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিতকরণসহ বিশেষ স্ট্রাইকিং ফোর্স কাজ করবে, মাঠে থাকবে ভ্রাম্যমাণ আদালতও। কিন্তু এরপরও শঙ্কা কাটছে না নিরীহ ভোটারদের।
তথ্যানুসন্ধানে জানা যায়, এবারের নির্বাচনে নালিতাবাড়ী উপজেলার ১২টি ইউনিয়নে মোট ভোট কেন্দ্র রয়েছে ১১১টি। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ১০টিতেই জয়লাভ করেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। এবার সবগুলো ইউনিয়নেই জয়ের প্রত্যাশা নিয়ে আওয়ামী লীগ এবং সবগুলো না হলেও নিজেদের অবস্থান পাকাপোক্ত করতে দলের কার্যক্রম শুরু করে বিএনপি। এরই ধারাবাহিকতায় আওয়ামী লীগের ৩ বিদায়ী চেয়ারম্যানসহ মনোনয়নবঞ্চিত হন দলের একঝাঁক প্রার্থী। বিএনপির ক্ষেত্রেও দাঁড়ায় প্রায় একই অবস্থা। ফলে ১২টি ইউনিয়নের মধ্যে কেবল ৩টি ইউনিয়নে আওয়ামী লীগের একক প্রার্থী এবং অন্য ৯টিতেই রয়েছে দলের বিদ্রোহী প্রার্থী। আর ৫টিতে বিএনপির একক প্রার্থী থাকলেও অন্য ৭টিতেই রয়েছে দলের বিদ্রোহী প্রার্থী। উভয় দলের তরফ থেকে শোকজ করে ও বহিস্কারের হুমকি দিয়েও কোন কাজে আসেনি। যে কারণে প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠেয় নালিতাবাড়ীর ১২টি ইউনিয়নে নৌকা-ধানের শীষের মূল ফলাফলের ক্ষেত্রে ব্যত্যয় ঘটাতে পারে বিদ্রোহী প্রার্থীতা। একই কারণে ঘটে যেতে পারে সংঘাত-সংঘর্ষসহ নানা অঘটন।
সরেজমিন ঘুরে জানা যায়, ১নং পোড়াগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন ৪ জন প্রার্থী। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত আদিবাসী নারী প্রার্থী বন্দনা চাম্বুগং বিশেষ চমক সৃষ্টি করলেও দলের মনোনয়ন বঞ্চিত হয়ে তার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে বিদ্রোহী প্রার্থী হয়ে লড়ছেন বিদায়ী চেয়ারম্যান মোঃ আজাদ মিয়া। এখানে বিএনপি মনোনীত প্রার্থী উমর ফারুকের সাথে দলের বিদ্রোহী প্রার্থী আবু বকর সিদ্দিক মাঠে থাকলেও আদিবাসীসহ আওয়ামী লীগ সমর্থক অধ্যুষিত এ ইউনিয়নে শেষ পর্যন্ত আওয়ামী লীগ প্রার্থীর সাথে বিদ্রোহী প্রার্থীরই মূল লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে। তবে আজাদ মিয়ার ইমেজ সংকটের কারণে বন্দনা চাম্বুগং শেষ হাসি হাসতে পারেন।
২নং নন্নী ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন ৬ জন প্রার্থী। এখানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ বিল্লাল হোসেন চৌধুরীর বিপরীতে বিদায়ী চেয়ারম্যান মোঃ আব্দুল হাই আজাদ ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ বিদ্রোহী প্রার্থী হয়ে লড়ছেন। অপরদিকে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ আব্দুর রশিদ সরকারের বিপরীতে বিদ্রোহী হয়ে মাঠে লড়ছেন উপজেলা চেয়ারম্যান একেএম মোখলেসুর রহমান রিপনের ছোটভাই ও গত উপ-নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহবুবুর রহমান রিটন এবং জাসদ প্রার্থী শামসুল আলম নয়ন। এখানে আওয়ামী লীগ প্রার্থী বিল্লাল হোসেন চৌধুরীর সাথে বিএনপির বিদ্রোহী প্রার্থী রিটনের দ্বিমুখী লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে।
৩নং রাজনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন ৫ জন প্রার্থী। এ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিদায়ী চেয়ারম্যান ফারুক আহমেদ বকুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বিদ্রোহী প্রার্থী হয়ে লড়ছেন তানজিল আহমদ ও শাহীনুর ইসলাম। আর আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে ডিগবাজী দিয়ে বিএনপি প্রার্থী হয়েছেন মোঃ আতাউর রহমান আতা। তার বিদ্রোহী প্রার্থী হয়ে লড়ছেন মোঃ হাতেম আলী। এখানে আওয়ামী লীগ প্রার্থী ফারুক আহমেদ বকুল, বিদ্রোহী প্রার্থী শাহীনুর ইসলাম ও বিএনপি প্রার্থী আতাউর রহমান আতার মাঝে ত্রিমুখী লড়াই হতে পারে।
৪নং নয়াবিল ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন ৩ জন প্রার্থী। এখানে মোঃ নূর ইসলাম আওয়ামী লীগ মনোনীত একক প্রার্থী থাকলেও বিএনপি মনোনীত প্রার্থী মোঃ ইউনুছ আলী দেওয়ানের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়ে লড়ছেন মোঃ মিজানুর রহমান। তবে এখানে শেষ পর্যন্ত আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর মধ্যেই মূল লড়াই হবে।
৫নং রামচন্দ্রকুড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন ৩ জন প্রার্থী। তারা হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ আমান উল্লাহ বাদশা, বিদ্রোহী প্রার্থী মোঃ খোরশেদ আলম খোকা ও বিএনপি মনোনীত একক প্রার্থী ফজলুল হক দেলোয়ার। তবে এখানে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।
৬নং কাকরকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন ৭ জন প্রার্থী। তারা হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিদায়ী চেয়ারম্যান শহীদুল্লাহ তালুকদার মুকুল, বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দিন, মোঃ নিয়ামুল কাউসার সোহাগ, বিএনপি মনোনীত একক প্রার্থী মোঃ নাজমুল হাসান, ইসলামী আন্দোলনের প্রার্থী হয়েছেন মোঃ জিয়াউর রহমান তোতা, স্বতন্ত্র প্রার্থী মোঃ আনিসুর রহমান ও মোঃ আবুল কাশেম। তবে বিধবা পল্লীর ঐতিহাসিক নিদর্শনস্থল ও আওয়ামী অধ্যূষিত এলাকা হিসেবে এখানেও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শহীদুল্লাহ তালুকদার মুকুল ও বিদ্রোহী প্রার্থী নাজিম উদ্দিনের মধ্যেই মূল লড়াই হতে পারে।
৭নং নালিতাবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন ৪ জন প্রার্থী। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত একক প্রার্থী মোঃ আসাদুজ্জামান (আসাদ মাস্টার) এবং বিএনপি মনোনীত প্রার্থী মোঃ আশরাফ আলীসহ দলের ২ বিদ্রোহী প্রার্থী মোঃ মিজানুর রহমান মিজান ও মোঃ খাদেমুল ইসলাম মাঠে লড়লেও মূল লড়াই হবে নৌকা ও ধানের শীষ প্রতীকের মধ্যেই।
৮নং রূপনারায়নকুড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন ৩ জন প্রার্থী। তাদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ মিজানুর রহমান ও বিদ্রোহী প্রার্থী মঞ্জুরুল আল মামুন এবং বিএনপির একক প্রার্থী মোঃ আব্দুর রহমান তারা মাঠে থাকলেও মূল লড়াই হবে নৌকা ও ধানের শীষের মধ্যেই।
৯নং মরিচপুরান ইউনিয়নেই কেবল চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপির একক ২ প্রার্থী লড়ছেন। এখানে আওয়ামী লীগ প্রার্থী খন্দকার মোঃ শফিকুল ইসলাম শফিক ও বিএনপি প্রার্থী বিদায়ী চেয়ারম্যান মোঃ আইয়ুব আলীর লড়াই জমে উঠলেও সংঘাত-হামলার আশংকা করছেন বিএনপি প্রার্থী।
১০নং যোগানিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন ৫ জন প্রার্থী। এ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ হাবিবুর রহমান হবি, বিদ্রোহী ৩ প্রার্থী তাকিজুল ইসলাম তারা, জামাল উদ্দিন ও আব্দুল জলিল এবং বিএনপি মনোনীত একক প্রার্থী ছামিদুল ইসলাম মুন্সি মাঠে লড়লেও শেষ পর্যায়ে আওয়ামী লীগ প্রার্থী হাবিবুর রহমান হবি, বিদ্রোহী প্রার্থী তাকিজুল ইসলাম তারা ও বিএনপি প্রার্থী সামিদুল ইসলাম মুন্সীর মধ্যে ত্রিমুখী লড়াই হতে পারে।
১১নং বাঘবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন ৫ জন প্রার্থী। তাদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুস সবুর, দলের বিদ্রোহী ২ প্রার্থী মোঃ হাসানুজ্জামান রিয়াদ ও সাবেক চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা, বিএনপি মনোনীত প্রার্থী মোঃ আমিনুল ইসলাম জিন্নাহ এবং স্বতন্ত্র প্রার্থী জহুরুল হক বদিসহ সকলেই মাঠে থাকলেও শেষ পর্যন্ত আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থীসহ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রিয়াদের মধ্যে ত্রিমুখী লড়াই হতে পারে। এ ইউনিয়নেও ব্যাপক সন্ত্রাস-সংঘাতের আশংকা করছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রিয়াদ।
১২ নং কলসপাড় ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন সর্বাধিক ৮ জন প্রার্থী। এ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ আবুল কাশেম, দলের ৩ বিদ্রোহী প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ জয়নাল আবেদীন ও মোঃ মিজানুর রহমান এবং বিএনপি মনোনীত রেজাউল করিম রিয়াজুল, বিদ্রোহী প্রার্থী কামরুজ্জামান বিএসসি ও জাসদের একমাত্র প্রার্থী মোঃ ফকর উদ্দিন নয়ন মাঠে থাকলেও শেষ পর্যন্ত সবাইকে অবাক করে আওয়ামী লীগ ও বিএনপির ২ বিদ্রোহী প্রার্থীর মধ্যেই মূল লড়াই হতে পারে।
জেলায় প্রথম ধাপে নালিতাবাড়ীর ১২টি ইউনিয়নে নির্বাচনী প্রস্তুতি প্রসঙ্গে জেলা নির্বাচন অফিসার মো. মোখলেছুর রহমান জানান, আসন্ন নির্বাচনে মানুষ যাতে নির্ভয়ে ভোট দিতে পারে তার জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোট গ্রহণের দিন প্রতিটি কেন্দ্রে কঠোর নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হবে। শান্তি-শৃঙ্খলায় প্রতি কেন্দ্রে সার্বক্ষণিক একজন এসআই, ২ জন কনস্টেবল ও ১৭ জন আনসার সদস্য উপস্থিত থাকবেন। এছাড়াও প্রতি ইউনিয়নে ১জন এসআই ও ৫ জন পুলিশ সদস্যের সমন্বয়ে একটি মোবাইল টিম ও ৩ ইউনিয়নের জন্য ২০ জনের একটি স্ট্রাইকিং ফোর্স থাকবে। এদিন ৩৫ জন করে বিজিবি সদস্যের সমন্বয়ে ৪টি টিম সকাল থেকে রাত পর্যন্ত শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে চাঞ্চল্যকর শিশু রাহাত হত্যা মামলায় শেষ হলো… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads