নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১১নং বাঘবেড় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হাসানুজ্জামান রিয়াদের পথসভায় নৌকা সমর্থিতরা হামলা চালিয়েছে। ওই ঘটনায় উভয় পক্ষের অন্তত: ১০ জন আহত হয়েছে। এছাড়াও নৌকা সমর্থিতরা স্বতন্ত্র প্রার্থীর ৬টি নির্বাচনী অফিস ভাংচুর করেছে। ১৫ মার্চ মঙ্গলবার রাতে ওই ঘটনা ঘটে। ওই ঘটনায় বুধবার উভয় পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ায় আতঙ্ক বিরাজ করছে সাধারণ ভোটারদের মধ্যে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।
জানা যায়, স্বতন্ত্র প্রার্থী ও ছাত্রলীগ নেতা হাসানুজ্জামান রিয়াদ তার মোটরসাইকেল প্রতীকের নির্বাচনী প্রচারণা শেষে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বাঘবেড় বাজারে পথসভায় সমাপনী বক্তব্য রাখছিলেন। ওইসময় নৌকা সমর্থিতদের হুমকি-ধামকীতে কাউকে ভয় না পেয়ে নির্বাচনের দিন পাল্টা জবাব দিতে নিজের অবস্থানের শক্ত জানান দিয়ে বক্তব্য প্রদান করেন। এতে নৌকা সমর্থিত স্থানীয় এক মুরব্বী ওই বক্তব্যের প্রতিবাদ করলে রিয়াদ সমর্থিত এক কর্মী তার সাথে অশালীন আচরণ করে। ফলে কাছেই উপস্থিত নৌকা সমর্থিত কর্মীরা রিয়াদের সভায় লাঠিসোটা নিয়ে অতর্কিতে হামলা চালায়। হামলায় স্বতন্ত্র প্রার্থী রিয়াদসহ উভয়পক্ষের অন্তত: ১০জন আহত হয়। এর মধ্যে গুরুতর রক্তাক্ত অবস্থায় রিয়াদের ছোট ভাই আরিফ (২৫), কর্মী আনোয়ার (২২) ইয়াকুব (২৪) ও আরিফ হোসেন (১৮) কে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এছাড়াও হামলা চালাতে গিয়ে আহত নৌকা সমর্থিত কর্মী হাবিবুর রহমান লিটন (৩৬) কেও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে হামলার পরপরই নৌকা সমির্থতরা ইউনিয়নের বিভিন্ন স্থানে থাকা রিয়াদের নির্বাচনী অফিসে হামলা করে এবং রিয়াদের বাড়ি সংলগ্ন কালিনগর, শিমুলতলা পল্লী বিদ্যুত সেন্টার এলাকায়, পূর্ব শিমুলতলা ক্ষত্রিয়পাড়ায় মুদী দোকানের চায়ের চালাঘর, শিমুলতলা সøুইচ গেইট এলাকা, উত্তর রানীগাঁও এলাকা ও চেল্লাখালী বাজারে রাবারড্যাম এলাকায় থাকা ৬টি অফিস ভাংচুর করে।
এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী হাসানুজ্জামান রিয়াদ অভিযোগ করে বলেন, বেশ কিছুদিন ধরেই নৌকা সমর্থিতরা ভোটারদের মধ্যে নানাভাবে হুমকি-ধামকী দিয়ে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছিল। ফলে ভোটারদের কোন প্রকার ভয় না পেয়ে আশ্বস্ত করতে বক্তব্য রাখছিলাম। ওইসময় নৌকা সমর্থিতরা আমাদের উপর অতর্কিতে হামলা করে। এরপর আবার মধ্যরাত পর্যন্ত বিভিন্ন স্থানে আমার নির্বাচনী অফিস ভাংচুর করে।
নৌকা সমর্থিত প্রার্থী ও সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান আব্দুস সবুর জানান, প্রতিপক্ষ উত্তেজনামূলক বক্তব্য প্রদান করায় স্থানীয় এক মুরব্বী বাধা দেয়। এতে তার সাথে অশালীন আচরণ করা হলে এ নিয়ে উভয়পক্ষে মারধরের ঘটনা ঘটে। এরপর নির্বাচনী অফিস ভাংচুরের বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানান।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফসিহুর রহমান জানান, ঘটনা শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি।
























