স্টাফ রিপোর্টার : শেরপুরে ৪ দিনব্যাপী আয়কর মেলায় ৩১ লক্ষ ৩৪ হাজার ৪০৮ টাকা আদায় হয়েছে। এ মেলায় ৩৭৬ জন করদাতা আয়কর রিটার্ন দাখিল করেছেন। করমেলায় ২ হাজার ২৭৮ জন সেবা গ্রহণ করেছেন এবং ১১ জন নতুন করদাতা হিসেবে নিবন্ধিত হয়েছে। ২০ সেপ্টেম্বর রবিবার বিকেলে করমেলার সমাপনী অনুষ্ঠানে ওইসব তথ্য জানান শেরপুর সার্কেলের উপ-কর কমিশনার মো. মোখলেছুর রহমান। তিনি বলেন, এবারের আয়কর মেলায় গত বছরের চাইতে বেশী সাড়া পাওয়া গেছে এবং আয়কর আদায়ের হারও বেশী হয়েছে। এদিকে, ময়মনসিংহ কর অঞ্চলের কর কমিশনার মো. হারুনুর রশিদ শহরের মাধবপুর এলাকার কর অফিস সংলগ্ন মাঠে আয়োজিত আয়কর মেলা পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন।
শেরপুর জেলার সেরা করদাতা হিসেবে ৫ জনকে সম্মাননা জানানো হয়েছে। এরা হলেন-দীর্ঘদিন যাবত করদানের জন্য সুরেশ চন্দ্র মালাকার সন্সের স্বত্বাধিকারী সাংবাদিক সুশীল মালাকার ও সাদী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আলহাজ জয়নাল আবেদীন। সর্বোচ্চ করদাতা হিসেবে সম্মাননা পেয়েছেন তরুণ ব্যবসায়ী জামান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সাদুজ্জামান সাদী, মীর ট্রেডার্সের স্বত্বাধিকারী মীর দেলোয়ার হোসেন দিলু ও আক্রাম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ঠিকাদার মো. আক্রাম হোসেন।
এফবিসিআই পরিচালক ও শেরপুর চেম্বারের সভাপতি মো. মাসুদ, কর আইনজীবী সমিতি’র যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম পনির সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠন জেলার ৫ সেরা করদাতাকে অভিনন্দন জানিয়েছেন।
























