স্টাফ রিপোর্টার : শেরপুরে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফজলুল হকের রূঢ় আচরণের প্রতিবাদে অধিনস্ত স্টাফরা মেডিকেল ছুটিতে থাকায় শূন্য হয়ে পড়েছে অফিস। ১৬ সেপ্টেম্বর বুধবার জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ওই অবস্থা দেখা যায়।
অভিযোগ উঠেছে, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে মোঃ ফজলুল হক প্রায় ৬ মাস পূর্বে শেরপুরে যোগদানের পর থেকেই অফিসের স্টাফদের সাথে কথায় কথায় প্রতিনিয়ত অসৌজন্যমূলক আচরণ করে আসছিলেন। ওই আচরণের মাত্রা বেড়ে যাওয়ায় ব্যতিক্রম প্রতিবাদের অংশ হিসেবে বুধবার উচ্চমান সহকারী রঞ্জিত কুমার চক্রবর্তী, কম্পিউটার অপারেটর আকরাম হোসাইন ও অফিস সহকারী এহসানুল আলম মেডিকেল ছুটির আবেদন পাঠিয়ে দেন অফিসে। এডিপিইও মোঃ ওবায়দুল্লাহ ছুটিতে থাকায় কেবল অফিসে অবস্থান করছিলেন ডিপিইও ফজলুল হক ও তার অফিস পিয়ন। অফিস শূন্যতার ওই খবর নিশ্চিত হতে বুধবার বেলা ৩টায় খোঁজ নিয়ে দেখা যায়, ৭জন স্টাফের মধ্যে অফিসে রয়েছেন ‘সবেধন নীলমনি’ পিয়ন।
এ ব্যাপারে ডিপিইও ফজলুল হকের সাথে মোবাইলে যোগাযোগ করে বিষয়টি সম্পর্কে জিজ্ঞাসা করতেই তিনি মূল বিষয়কে পাশ কাটিয়ে বলেন, আমি বাইরের একটি প্রোগ্রামে ব্যস্ত আছি। ওই অবস্থায় প্রোগ্রামটি কোথায় জিজ্ঞাসা করতেই তিনি বলেন, মীরগঞ্জের দিকে। অবশ্য পরে খোঁজ নিয়ে জানা যায়, ওইদিকে কোন প্রোগ্রামই ছিল না। সচেতন মহলের মতে, শিক্ষা বিভাগের জেলা পর্যায়ের একটি প্রতিষ্ঠানে মূল কর্তার বদৌলতে এমন নাজুক অবস্থা মোটেই কাম্য নয়।
























