স্টাফ রিপোর্টার : শেরপুর শহরের রাস্তাঘাট-ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে প্রায় ২৯ কোটি টাকার চলমান উন্নয়ন প্রকল্পের তদারকি জোরদার করার দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। একইসাথে তারা শহরের খাল-বিল, পুকুর-নালাসহ প্রাকৃতিক জলাশয় সংরক্ষণের দাবিও জানিয়েছেন। ওইসব দাবি বাস্তবায়নে ৭ সেপ্টেম্বর সোমবার দুপুরে নাগরিকদের পক্ষে জনউদ্যোগ নামে একটি সংগঠন পৌর মেয়র হুমায়ুন কবীর রুমানের কাছে স্মারকলিপি প্রদান করে। ওইসময় পৌর মেয়র স্মারকলিপি গ্রহণ করে বর্ণিত বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
স্মারকলিপি হস্তান্তারকালে প্যানেল মেয়র নজরুল ইসলাম, কাউন্সিলর হারুন জিলানী, জনউদ্যোগ আহ্বায়ক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সদস্য সচিব হাকিম বাবুল, নারীনেত্রী ফৌজিয়া হক মানবাধিকার কর্মী শামীম হোসেন, সাংবাদিক শরিফুর রহমান, উন্নয়নকর্মী সোলায়মান হোসেন, ব্যবসায়ী নেতা শামসুল হুদা প্রমুখ উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, শহরের ভেতর দিয়ে প্রবাহিত খাল-নালা, ড্রেনগুলোর অস্তিত্ব ক্রমশ: বিলীন হচ্ছে। সরকারি-বেসরকারি অনেক উন্মুক্ত জলাশয় দখলবাজি আর উন্নয়নের নামে ভরাট হয়ে যাচ্ছে। পরিকল্পিত কোন ডেনেজ ব্যবস্থা গড়ে না ওঠায় সামান্য বৃষ্টিতেই শহরে জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করছে। যত্রতত্র বাসাবাড়ি নির্মাণের কারণে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। এজন্য পরিবেশবান্ধব পরিকতল্পিত নগরায়নের জন্য মাস্টার প্ল্যান তৈরী ও বাস্তবায়নের দাবি জানানো হয়।























