শ্যামলবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিম্নমধ্যম আয়ের দেশে থাকতে চাই না, আমরা উন্নত অর্থনীতিতে যেতে চাই। বাংলাদেশ নিম্নআয়ের দেশ থেকে নিম্নমধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ায় ৮ জুলাই বুধবার সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানানোর জন্য আনীত প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি ওই কথা বলেন। সরকারি দলের সদস্য মো. আব্দুর রাজ্জাক ১৪৭ বিধিতে প্রস্তাবটি উত্থাপন করলে এর ওপর আলোচনা শেষে সর্বসম্মতভাবে এটি গৃহীত হয়। খবর বাসসের।
প্রধানমন্ত্রী জানান, ২০০৭ সালে জরুরি অবস্থা ঘোষণার পর তিনি যখন কারাবন্দি ছিলেন, পরবর্তীতে দেশের দায়িত্বে এলে কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যাবেন তার পরিকল্পনা তখনই করেন। সে অনুযায়ী ২০০৯ সালে তিনি ক্ষমতা গ্রহণের পর ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে তা বাস্তবায়ন করেন। সে সময়ই রূপকল্প-২০২১ প্রণয়ন করা হয়। তিনি বলেন, ‘আমরা ২০২০ সালে জাতির পিতার জন্ম শতবার্ষিকী ও ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের সময়ে উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হতে চাই।’
শেখ হাসিনা বলেন, ‘বঙ্গবন্ধু যখন দেশকে অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, তখন ‘৭৫-এর ১৫ আগস্ট তাকে সপরিবারে হত্যা করা হয়েছিল। ২১ বছর দেশের অর্থনৈতিক উন্নয়নের চাকা থেমেছিল।’ প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ বিশ্বের কাছে দুর্ভিক্ষের, দুর্যোগের, ঘূর্ণিঝড়ের, জলোচ্ছ্বাস, বন্যা, সাহায্য ও ভিক্ষা চেয়ে চলার দেশ হিসেবে পরিচিত ছিল। এসব দেখে দুঃখ হতো। যে দেশ লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন করেছি। সেদেশ বিশ্ব সভায় মাথা উঁচু করে চলবে বিজয়ী জাতি হিসেবে। অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্র এ দেশ আরো উন্নত হবে, এটাই সকলের কাঙ্খিত ছিল।’
তিনি বলেন, ‘ছোট বেলা থেকে জাতির পিতার দর্শনকে হৃদয়ে ধারণ করে দেশের মানুষের জন্য তিনি কি করতে চেয়েছিলেন, এটা নিয়ে ভাবতাম। তিনি দেশকে কোথায় নিয়ে যেতে চেয়েছিলেন। দেশ কোথায় যাচ্ছে। যেহেতু বড় সন্তান ছিলাম, সেহেতু পিতার পাশে থেকে তার কাছ থেকে এদেশের মানুষের সুখ-দুঃখের কথা শুনতাম এবং কিভাবে দেশের মানুষের দুঃখ দূর করা যায়, তা নিয়ে চিন্তা করতাম বলেই সব সময় মনে একটা পরিকল্পনা ছিল। যদি কখনও দেশ সেবার সুযোগ পাই তাহলে দেশ কিভাবে উন্নত করা যায় তা নিয়ে ভাবতাম।’
প্রধানমন্ত্রী বলেন, ‘৯৬ সালে সরকার গঠনের পর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। অবকাঠামো উন্নয়ন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, সাক্ষরতার হার বৃদ্ধি পায়। কিন্তু ৫ বছর সময় চলে যায়, দেশ আবার অমানিশার অন্ধকারে নিমজ্জিত হয়। দুর্নীতি, হত্যা, খুন, লুণ্ঠন, অর্থপাচার, দুঃশাসন ও অব্যবস্থাপনা আবারও দেশকে গ্রাস করে।’
আলোচনায় আরও অংশ নেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সরকারি দলের সদস্য শেখ ফজলুল করিম সেলিম, সুরঞ্জিত সেনগুপ্ত, অধ্যাপক আলী আশরাফ, আব্দুল মান্নান, ডা. দীপু মনি, মো. আব্দুস শহীদ, মাহবুব উল আলম হানিফ, আব্দুল মতিন খসরু, ড. হাছান মাহমুদ, মোহাম্মদ ফারুক খান, আ খ ম জাহাঙ্গীর, তাজুল ইসলাম, খালিদ মাহমুদ চৌধুরী, শেখ ফজলে নুর তাপস, নুরুল ইসলাম সুজন, নজরুল ইসলাম বাবু, তারানা হালিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, নুরুজ্জামান আহমেদ, বেগম ওয়াসিকা আয়শা খান, আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, জাতীয় পার্টির সদস্য কাজী ফিরোজ রশীদ, ফখরুল ইমাম, পীর ফজলুর রহমান, বেগম মাহজাবিন মোরশেদ, জাসদের মইনউদ্দিন খান বাদল, ওয়ার্কার্স পার্টির সদস্য ফজলে হোসেন বাদশা, তরিকত ফেডারেশনের সদস্য নজিবুল বশর মাইজভাণ্ডারী এবং স্বতন্ত্র সদস্য রস্তম আলী ফরাজী।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আর কোনো অপতৎপরতাই এ অগ্রযাত্রা থামাতে পারবে না।’ অর্থমন্ত্রী বলেন, ‘১৯৭১ সালে দেশ স্বাধীনের পরপরই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে উন্নত সমৃদ্ধ সোনার বাংলা নির্মাণে যে কর্মযজ্ঞ শুরু হয়েছিল তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ অভাবনীয় সাফল্য অর্জন করে চলেছে।’
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘দেশ স্বাধীনের পর বিশ্বব্যাংক বলেছিল, দেশ স্বাধীনতা লাভ করলেও বিদেশি সাহায্যের উপর নির্ভরশীল হয়ে থাকতে হবে। তাদের সেই কথা মিথ্যা প্রমাণিত হয়েছে আজ আমরা আর বিদেশি সাহায্যের উপর নির্ভরশীল দেশ নয়।’
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ‘বিশ্বব্যাংক স্বীকৃতি দিলেই কি, না দিলেই কি। হাতের চুড়ি আয়নায় দেখতে হয় না। এই বিশ্বব্যাংক পদ্মা সেতু নির্মাণে কাল্পনিক দুর্নীতির অভিযোগ তুলেছিল। তারা কৃষিতে ভর্তুকি দেয়ার বিরোধিতা করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিতে ভর্তুকিকে বিনিয়োগ হিসেবে দেখার ফলে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সক্ষম হয়েছে।’ দেশকে নিম্নমধ্যম আয়ের দেশে পরিণত করায় প্রধানমন্ত্রীকে তিনি ধন্যবাদ জানান।




















