শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়ার গুঞ্জন চলছে। তবে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সৈয়দ আশরাফুল ইসলামকে অব্যাহতি দেওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ার মধ্যে মন্ত্রিপরিষদ সচিব বলেছেন, এই বিষয়ক কোনো খবর তার কাছে নেই।
জুলাই মঙ্গলবার দুপুরে একনেক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফকে অব্যাহতি দিতে বলেছেন বলে কোনো সূত্রের নাম উল্লেখ না করে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়। এই বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সচিবালয়ে সাংবাদিকদের বলেন, “বলার মতো কোনো খবর আমার কাছে নেই।”
মন্ত্রিসভায় পরিবর্তনসহ এই বিষয়ক দাপ্তরিক কার্যক্রম মন্ত্রিপরিষদ বিভাগ থেকেই হয়ে থাকে। এনকেনের বৈঠকে মন্ত্রী আশরাফ অনুপস্থিত ছিলেন।
বৈঠকে অংশ নেওয়া পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. শামসুল আলম বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, উনি (আশরাফ) মিটিং-টিটিংয়ে আসেন না, এজন্য সরিয়ে দিলে ভালো হয়।”




















