স্টাফ রিপোর্টার : শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নে ২০১৫-২০১৬ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ২৮ মে বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ চত্বরে স্থানীয় অধিবাসী ও সরকারী-বেসরকারী কর্মকর্তাদের উপস্থিতিতে ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ওই বাজেট ঘোষণা করেন।
বাজেটে ১ লাখ ৯০ হাজার টাকা উদ্বৃত্ত দেখিয়ে এক কোটি ১৭ লাখ ৪৯ হাজার ৩৯২ টাকা সম্ভাব্য আয় ও এক কোটি ১৫ লাখ ৫৯ হাজার ৩৯২ টাকা সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে। এ বাজেট সভায় একইসাথে ২০১৪-২০১৫ অর্থ-বছরের ৯৬ লাখ ২৭ হাজার ৭৫০ টাকার সম্পুরক বাজেট উপস্থাপন করেন।
সুইস এজেন্সি ডেভেলপমেন্ট ফর কো-অপারেশন-এসডিসি’র সহায়তায় প্রিপ ট্রাস্ট পরিচালিত নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ‘অপরাজিতা’ প্রকল্পের আওতায় ভাতশালা ইউনিয়নে এ উন্মুক্ত বাজেট ঘোষণার আয়োজন করা হয়। এতে সদর উপজেলা চেয়ারম্যান মো. ছানুয়ার হোসেন ছানু প্রধান অতিথি ও ইউএনও হাবিবুর রহমান হাবীব ও ভাইস চেয়ারম্যান বায়েজিদ হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইউপি চেয়ারম্যান রফিকুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মানবাধিকার কর্মী আব্দুর রহিম মাস্টার, শিক্ষক শামছুজ্জামান শামীম, প্যানেল চেয়ারম্যান হাসনা হেনা খানম, ইউনিয়ন আ.লীগ সভাপতি মো. সুরুজ্জামান, আবুল কাসেম খান, ডা. আজাহার আলী প্রমুখ।



















