ttবান্দরবান প্রতিনিধি : বান্দরবানে দুই শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা করা হয়েছে। ২৮ মে বৃহস্পতিবার রাতে সদর উপজেলার কুহালং ইউনিয়নের ক্যামলং এলাকায় ওই ঘটনা ঘটে। পুলিশের ধারণা- পারিবারিক কহলের জের ধরে ওই হত্যাকাণ্ড সংঘটিত হয়। শুক্রবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। নিহতরা হচ্ছে ক্যামলং এলাকার আব্দুল মোতালেবের বাগানবাড়ির তত্ত্বাবধায়ক সামিরা বেগম (৪০), তার মেয়ে সৈয়দা নূর (৪), বড় ভাই মোহাম্মদ আমীন (৪৫) ও ভাইয়ের ছেলে জোনায়েত (১২)। নিহতরা সবাই মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, আমীনের তৃতীয় স্ত্রী হাছিনা বেগমের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক কহল চলছিল। হত্যাকাণ্ডের পর হাছিনা ও তার ভাইয়েরা পলাতক রয়েছে। তারাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আব্দুল মোতালেবের পার্শ্ববর্তী বাগানের মালিক গোপাল দাশ তার বাগানের কেয়ারটেকার হ্লাথুই মার্মার উদ্ধৃতি দিয়ে বলেন, আমীনের তিনটি বিয়ে করেছেন। তৃতীয় স্ত্রী হাছিনা মাঝে মধ্যে ওই বাগানবাড়িতে এসে আমীনের সঙ্গে ঝগড়া করতো।
তিনি জানান, বৃহস্পতিবার সকাল থেকেই হাছিনা ও তার এক ভাইকে বাগানবাড়ি এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। পরদিন (শুক্রবার) সকালেই বাড়ির ভেতরে ও বাইরে চারজনের লাশ পাওয়া যায়। এরপর থানায় খবর দেওয়া হয়।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, বৃহস্পতিবার রাত ৮টার মধ্যে কোনো এক সময়ে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।



















