স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘অবিসংবাদিত নেত্রী’ হিসেবে উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, তিনিই একমাত্র অবিসংবাদিত নেত্রী, যিনি নিজের জীবন বাজী রেখে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং পিতৃহত্যার পাশাপাশি গণহত্যা ও যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করেছেন। অথচ পৃথিবীর ইতিহাস ঘাটলে দেখা যায়, বেনজির ভুট্টো প্রধানমন্ত্রী হয়েও তার পিতার হত্যার বিচার করতে পারেননি। একইভাবে চিলিতে আজ গণতন্ত্র প্রতিষ্ঠিত হলেও গণহত্যার বিচার এখনও হয়নি। তিনি বলেন, জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় অধিকাংশ ঘাতকের ফাঁসি কার্যকর হয়েছে এবং যারা বিদেশে পালিয়ে ছিল তারা এখন শেয়াল কুকুরের মতো মরছে। তিনি শেরপুর অঞ্চলের শীর্ষ যুদ্ধাপরাধী কামারুজ্জামানের ফাঁসি কার্যকরে সন্তোষ প্রকাশ করেন এবং সোহাগপুর বিধবা পল্লীর সেই মা-বোনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাদের সাক্ষীতেই ঘাতক কামারুজ্জামানের ফাঁসি হয়েছে। তিনি ১৯ মে মঙ্গলবার দুপুরে শেরপুরে শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধনকালে ওই কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার, দেশকে এগিয়ে নেওয়ার সরকার। সজীব ওয়াজেদ জয় শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্রই নন, তিনি প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টাও। বাংলাদেশকে তথ্য প্রযুক্তিতে এগিয়ে নেওয়ার জন্য সজিব ওয়াজেদ জয় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছেন। যে কারণে আমাদের ১৬ কোটি মানুষের দেশে ১০ কোটি মানুষই মোবাইল ফোন ব্যবহার করছে। আমরা স্কুলে শিক্ষার্থীদের জন্য ৩৩ কোটি বই বিনামূল্যে বিতরণ করেছি। আগামীতে প্রত্যেক শিক্ষার্থীকে ট্যাবলেট কম্পিউটার বিতরন করার জন্য সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। বর্তমান সরকারের উন্নয়ন বাংলার জনগণ স্বচোখে দেখতে পারছেন।
কৃষিমন্ত্রী বলেন, অনেকেই শেখ হাসিনার সরকারকে কৃষিবান্ধব সরকার বলে থাকেন। কিন্তু এ সরকার কেবল কৃষিবান্ধবই নয়, উন্নয়নবান্ধব, সম্প্রীতিবান্ধব তথা জনবান্ধব সরকার। তিনি শেখ হাসিনা ও খালেদা জিয়ার পরিবারের সদস্যদের তুলনামূলক অবস্থান তুলে ধরে বলেন, বঙ্গবন্ধুর রক্ত আজ ইথারে ইথারে। শেখ হাসিনার পুত্র জয় তথ্য-প্রযুক্তিবিদ, কন্যা পুতুল অটিজম বিশেষজ্ঞ আর শেখ রেহানা রাজনীতি না করলেও তার কন্যা টিউলিপ আজ ব্রিটিশ পার্লামেন্টের এমপি।
আন্দোলন-সংগ্রামের নামে বিএনপি-জামায়াত জোটের দেশবিরোধী ষড়যন্ত্রের সমালোচনা করে কৃষিমন্ত্রী বলেন, তাদের কোন ষড়যন্ত্রই দেশের উন্নয়ন দাবিয়ে রাখতে পারেনি, পারবেও না। যে কারণে বিশ্বব্যাংকের চোখরাঙানি উপেক্ষা করে আজ নিজেদের অর্থায়নে পদ্মাসেতু নির্মিত হচ্ছে।
দীর্ঘ সাড়ে ১১ বছর পর মুক্তমঞ্চে উৎসবমুখর পরিবেশে আয়োজিত ওই সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি বলেন, সংগঠন শক্তিশালী না হলে বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজের সুফল বয়ে আনবে না। তিনি বলেন, ইউনিয়ন থেকে শুরু করে জেলা-উপজেলায় দলীয় সম্মেলন যথাসময়ে করতে হবে। যদি আমরা নির্ধারিত সময়ে সম্মেলন না করতে পারি, তাহলে নতুন প্রজন্মের কাছে নেতৃত্ব আসবে না। তিনি জেলা-উপজেলা পর্যায়ের নেতাদের দলীয় শৃঙ্খলা মেনে আগামী সম্মেলনগুলো নির্ধারিত সময়ে করার উপর গুরুত্বারোপ করে বলেন, তা না হলে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন বিঘ্নিত হবে।
বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ অবরোধ-হরতালের নামে পেট্রোল বোমা নিক্ষেপ ও মানুষ পুড়িয়ে হত্যার কঠোর সমালোচনা করে সম্মেলনের প্রধান বক্তা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন, তাকে এখন ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষেপ করতে হবে। সেই দিনও এখন বেশি দূরে নয়।
সম্মেলনের প্রধান বক্তার বক্তব্যে ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন, খালেদা জিয়া সালাহ উদ্দিনকে লুকিয়ে রেখে নাটক সাজিয়ে শেখ হাসিনা সরকারকে বিপদে ফেলতে চেয়েছিলেন। কিন্তু তাদের সব গোমর ফাঁস হয়ে গেছে। খালেদার প্রতি ঘৃণা, ঘৃণা, ঘৃণা বারবার ঘৃণা। বিশেষ অতিথি কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক বলেন, বিএনপি জামায়াতকে সঙ্গে নিয়ে দেশে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ কায়েম করতে চায়। তারা পেট্রলবোমা মেরে মানুষ হত্যা করে ক্ষমতায় যেতে চায়। তাদেরকে প্রতিহত করতে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।
সম্মেলনে অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মীর্জা আজম এমপি, কেন্দ্রীয় সদস্য এডভোকেট মমতাজ উদ্দিন মেহেদী ও মহিলা এমপি ফাতেমাতুজ্জহুরা শ্যামলী।
জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিক এমপির সভাপতিত্বে সম্মেলনের প্রথম অধিবেশনে শোক প্রস্তাবসহ সাংগঠনিক রিপোর্ট পেশ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সস্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি। ওই সম্মেলন উপলক্ষ্যে সকাল থেকেই শেরপুর সদর ও অন্যান্য উপজেলা থেকে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ মিছিল নিয়ে সম্মেলনস্থলে হাজির হন। এক পর্যায়ে সম্মেলনস্থলটি স্মরণকালের ঐতিহাসিক সমাবেশে পরিণত হয়।
দ্বিতীয় অধিবেশনে একাধিক কোন প্রার্থী না থাকায় পুনরায় আগামী ৩ বছর মেয়াদের জন্য আতিউর রহমান আতিক এমপিকে জেলা আওয়ামী লীগের সভাপতি ও এডভোকেট চন্দন কুমার পাল পিপিকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
উল্লেখ্য, ২০০৩ সালের ২৩ অক্টোবর সর্বশেষ শেরপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়েছিলো।



















