নাটোর প্রতিনিধি : নাটোরেরর সিংড়ায় সোহাগ হোসেন (১৮) নামের এক ইজিবাইক চালক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে চলনবিল অধ্যুষিত সিংড়া উপজেলার দুর্গম কাশিহাটি গ্রামের একটি ফসলের জমি থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, উপজেলার প্রত্যন্ত অঞ্চল দুলশী গ্রামের সিদ্দিকুর রহমান কারিগরের ছেলে সোহাগ সোমবার বিকেলে অটো রিক্সা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে উপজেলার কাশিহাটি গ্রামের বিলের ফসলি জমিতে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তার মৃতদেহ সহ মৃতদেহের অদুরে সড়কের ধারে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ইজিবাইক উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সিংড়া থানার ওসি নাছির উদ্দিন মন্ডল জানান, সোহাগকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর হত্যার সঠিক কারণ জানা সম্ভব হবে।

বড়াইগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১ আহত ১০
নাটোরের বড়াইগ্রামে বাস-ট্রাকের সংঘর্ষে মোহাম্মদ আলী নামে একজন নিহত ও আহত হয়েছেন কমপক্ষে ১০ বাসযাত্রী। মঙ্গলবার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আইরমারী ব্রীজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী নাটোর শহরের কান্দিভিটুয়া এলাকার অলক দেবের ছেলে।
বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক সুজন মিয়া ও স্থানীয়রা জানান, ভোর সাড়ে ছয়টার দিকে রাজশাহী থেকে ঢাকাগামী দেশ ট্রাভেলস এর একটি যাত্রীবাহী বাস ও বিপরিত দিক থেকে আসা একটি মাল বোঝায় একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায় এবং ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। এসময় বাসের নিচে চাপা পড়ে বাসযাত্রী মোহাম্মদ আলী ঘটনাস্থলেই মারা যান। এঘটনায় আরো অন্তত ১০ বাস যাত্রী আহত হয়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় তানভীর চৌধুরী নামে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাঁকীদের স্থানীয় কিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।



















