শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, বর্তমান সরকার শুধু মাত্র কৃষি বান্ধব সরকার নয়, এই সরকার জনগণ বান্ধবও। তিনি ১০ মে রবিবার রাজধানীর ফার্মগেটস্থ আকামু গিয়াসউদ্দিন মিল্কি অডিটরিয়ামে কৃষি বিষয়ক ম্যাগাজিন ‘কৃষি কথার’ ৭৫ বছরে পদার্পন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন।

এসময় মতিয়া চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ শ্রমিকবান্ধব, শিল্প, শিক্ষা, ক্রীড়া, পদ্মাসেতু ও প্রযুক্তি বান্ধব সরকারে পরিণত হয়েছে। শুধু কৃষি বান্ধব সরকার বললে শেখ হাসিনার অর্জনকে খণ্ডিত করে বলা হবে। তিনি উদাহরণ টেনে বলেন, বিশ্বে এমন সরকার প্রধান খুঁজে পাওয়া যাবে না যে, গার্মেন্টস শ্রমিকদের বেতন বাড়াতে মালিকদের সঙ্গে দরকষাকষি করেছেন। শেখ হাসিনার সরকার এক মেয়াদে চার বার সারের দাম কমিয়েছেন, এটা বিশ্বে বিরল উদাহরণ।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। ২০২১ এবং ২০৪১ সালের ভিশন বাস্তবায়নে বাংলাদেশ এগিয়ে চলেছে।
কৃষি সচিব শ্যামল কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মকবুল হোসেন এমপি, কৃষি সম্প্রসারণ অধিফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক কৃষিবিদ শেখ হেমায়েত হোসেন প্রমুখ।




