গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে চাঁদার দাবীতে আব্দুল মজিদ (৫৫) নামে এক ব্যবসায়ীকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। তিনি নাটোর শহরের একটি বে-সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মজিদ পেশায় রাসায়নিক সার (বিসিআইসি) ডিলার। শহরের চাঁচকৈড় বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান।
ওই ঘটনায় চাঁচকৈড় বাজারপাড়ার হাবিবুর রহমান ওরফে হাবিব মোল্লা(৪৫) কে অভিযুক্ত করে গুরুদাসপুর থানায় চাঁদাবাজী ও হত্যা চেষ্টা মামলা হয়েছে। মজিদের ছোটভাই আব্দুল খালেক বাদী হয়ে শুক্রবার বিকালে ওই মামলাটি করেন। গতকাল শনিবার পর্যন্ত অভিযুক্ত গেফতার হয়নি।
এদিকে মজিদের কাছে চাঁদা দাবী এবং হত্যাচেষ্টার প্রতিবাদে নাটোর জেলা রাসায়নিক সার ডিলার সমিতি (বিএফ) গতকাল শনিবার দুপুরে জেলা কার্যালয়ে এক জরুরী সভা করেছে। জেলা কমিটির সভাপতি মো. আব্দুস সালাম এতে সভাপতিত্ব করেন। সভায় অভিযুক্তকে গ্রেফতার ও শাস্তি দাবী করা হয়। অন্যথায় তারা আন্দোলনে যাবেন বলেও জানানো হয়।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম হোসেন জানান, অভিযুক্ত হাবিবুর রহমান মাঝে মধ্যেই মজিদের কাছে চাঁদাদাবী করতেন। গত বৃহষ্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ব্যবসায়ী মজিদ তাঁর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেল নিয়ে গুরুদাসপুরস্থ বাসায় ফিরছিলেন। চাঁচকৈড় বাজারস্থ ‘গোকূল ট্রেইলার্স” এর সামনে পৌঁছালে হাবিবুর রহমান মজিদের মোটরসাইকেলের গতিরোধ করে। পরে চাঁদার টাকা না পেয়ে লোহার রড দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে। ওই ঘঁনার পর থেকে হাবিবুর রহমান আত্মগোপনে রয়েছে। একারনে তাকে আটক করা যাচ্ছে না।
মামলারবাদী আব্দুল খালেক গতকাল শনিবার জানান,- লোহার রড দিয়ে এলোপাথারীভাবে পেটানোর ফলে মজিদের ডানহাত ভেঙ্গে গেছে, বামচোখ অন্ধ হয়ে যাওয়ার উপক্রমসহ বামকান এবং শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মক জখম হয়েছে।




