শ্যামলবাংলা ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে আতশবাজির একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ১১ জন নিহত ও অন্তত ৭ জন আহত হয়েছেন। ৬ মে বুধবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলায় ওই বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় বাড়ির মালিক রঞ্জন মাইতিকে গ্রেফতার করেছে পুলিশ। রঞ্জান পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের কর্মী। তার কাছ থেকে রাম মাইতি নামে একজন আতশবাজি কারখানা তৈরির জন্য বাড়িটি ভাড়া নেন।

স্থানীয় পুলিশ সুপার ভারতী ঘোষ জানান, বুধবার রাত ১১টার দিকে পিংলা থানার ব্রাহ্মণবাড় গ্রামের ওই কারাখানায় হঠাৎ বিস্ফোরণ ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেখানে কর্মরত কোনো শ্রমিকের সিগারেটের আগুনের ফুলকি থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। বিস্ফোরণের সময় সেখানে বিভিন্ন বয়সী লোকজন কাজ করছিলেন। বিস্ফোরণটি এতোই তীব্র ছিল যে, কারখানা থেকে শত মিটার দূরে ছিটকে গেছে নিহতদের মরদেহের ছিন্নভিন্ন অংশ। পুরো কারখানা ভস্মীভূত হয়েছে। কারখানা মালিক ও তার স্ত্রীও এ ঘটনায় নিহত হয়েছেন।
এদিকে সরকারি হিসাবে নিহতের সংখ্যা ১১ বলা হলেও স্থানীয়দের দাবি, বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত হয়েছে। স্থানীয়রা অভিযোগ করেন, আতশবাজির এই কারখানায় বোমাও তৈরি করা হতো। পুলিশ জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।



















