মেহের আমজাদ, মেহেরপুর : মেহেরপুর-কুষ্টিয়া সড়কে মেহেরপুর সদর উপজেলার গোপালপুর নামকস্থানে এক সড়ক দূর্ঘটনায় আমির খাঁ (৭৫) নামক এক ব্যক্তি ঘটনাস্থলে মারা গেছেন। গতকাল শনিবার দুপুরে ওই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের টেংগারমাঠ গ্রামের মৃত হারু খাঁর ছেলে বৃদ্ধ আমির খাঁ বাড়ি থেকে তার নাতি মাজেদুল হকের বাই-সাইকেলে করে মেহেরপুর যাচ্ছিলেন। ঘটনাস্থলে পিছন দিক থেকে ইট বোঝায় দ্রুতগামী একটি পাওয়ার ট্রলি তাদের ধাক্কা দেয়। এসময় বৃদ্ধ আমির খাঁ পাওয়ার ট্রলির চাকার নীচে পড়ে ঘটনাস্থলে নিহত হয়। পাওয়ার ট্রলি চালক ও হেলপার দ্রুত পালিয়ে যায়।
মেহেরপুর সদর থানা পুলিশের ওসি আহসান হাবিব জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে মেহেরপুর হাসপাতাল মর্গে পাঠনো হয়েছে এবং ঘাতক পাওয়ার ট্রলিটি আটক করে থানায় নেয়া হয়েছে।

মেহেরপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় মেহেরপুর জেলায় শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
গতকাল শনিবার মেহেরপুর জেনারেল হাসপাতালে এ কার্যক্রমের উদ্বোধন করেন মেহেরপুরের সিভিলি সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী। এসময় সেখানে উপস্থিত ছিলেন ইপিআই টেকনিশিয়ান আব্দুস সালাম, আব্দুর রশিদ ও স্বাস্থ্য শিক্ষা অফিসার শফিউর রহমান প্রমূখ।
এদিন জেলার মোট ৪৯০ টি কেন্দ্রের মাধ্যমে ৬৬ হাজার ৬৭৪ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয় বলে জানান সিভিল সার্জন।

মেহেরপুর সরকারি কলেজের টয়লেটে বোমার বিষ্ফোরণ : আতংক
মেহেরপুর সরকারি কলেজের টয়লেটের মধ্যে একটি বোমার বিষ্ফোরণ ঘটেছে। তবে এঘটনায় কেউ হতাহত হয়নি। পুলিশ ঘটনাস্থল থেকে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির লিফলেট ও বিষ্ফোরিত বোমার আলামত উদ্ধার করেছে।
মেহেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান ও সহযোগি অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন ধুমকেতু জানান, অফিসের কাজ করার এক পর্যায়ে গতকাল শনিবার বেলা সোয়া ১১ টার দিকে প্রচন্ড জোরে একটি শব্দ হয়। বাইরে বের হতেই দেখা যায়, ছাত্র-ছাত্রীরা ছোটা-ছুটি করছে।
এক ছাত্রী জানান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দো’তলার টয়লেট থেকে বের হওয়ার সময় এক যুবককে সেখানে ঘোরা ঘুরি করতে দেখে সে। বিষ্ফোরণের পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
মেহেরপুর সদর থানা পুলিশের ওসি আহসান হাবিব জানান, ঘটনাস্থল থেকে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির লিফলেট ও বিষ্ফোরিত বোমার আলামত উদ্ধার করা হয়েছে। তবে তিনি আরো বলেন পূর্ব বাংলা কমিউনিষ্ট পার্টির নামে কেউ আতংক সৃষ্টির নামে ওই লিফলেট ফেলে গেছে ও বোমার বিষ্ফোরণ ঘটিয়েছে।
মেহেরপুরেও ভূমিকম্প অনুভূত
গতকাল শনিবার দুপুরে মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। এসময় আতংকে ছোটাছুটি করে ঘর থেকে বের হয়েছেন অনেকেই। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে স্কুল কলেজগুলোতে। ছাত্র-ছাত্রীদের অনেকেই সাময়িক জ্ঞান হারায়। গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ এবং ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ছয় ছাত্রীকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দিয়েছেন কর্তৃপক্ষ। ছুটি দেয়া হয়েছে বেশির ভাগ স্কুল-কলেজ।
মেহেরপুর জেলানারেল হাসপাতালের চিকিৎসক তাপস কুমার সরকার জানান, পৃথিবীর স্বাভাবিক ঘোরার গতি যখন হঠাৎ বেড়ে যায় তখন বিভিন্নভাবে সমস্যা হয়। প্রচ- ঝাঁকুনি ও কাপুনি আমাদের ব্রেন সহ্য করতে অভ্যস্ত নয়। তখন শরীরের স্বাভাবিক প্রক্রিয়া ব্যহত হয়ে মাথা ঘোরা ও বমি বমি হতে পারে। এ কারণে অনেকেই সাময়িক জ্ঞান হারিয়েছেন। তবে কিছু সময়ের মধ্যে তারা সুস্থ হয়ে ওঠেন। এ নিয়ে দুশ্চিন্তার কোন কারণ নেই।



















