ইমরোজ খোন্দকার বাপ্পি, পাবনা : পাবনা সদর থানা পুলিশ ১৮ শত পিস ইয়াবাসহ শ্যামলী পরিবহনের চালক ও সুপারভাইজকে আটক করেছে। আজ রবিবার বিকেল ৪ টার দিকে শহরের গাছপাড়া মোড়ের সিদ্দিকের গ্যারেজ থেকে তাদের আটক করে পুলিশ।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসানুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৮ শত পিস ইয়াবাসহ শ্যামলী পরিবহনের চালক ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া গ্রামের শ্রী ধীরেন্দ্র নাথের ছেলে শ্রী বিপ্লব ও সুপারভাইজার সাঁথিয়া উপজেলার চমরপুর গ্রামের আনসার আলীর ছেলে লিটন মিয়াকে আটক করা হয়। তিনি আরো জানান, দীর্ঘদিন ধরে শ্যামলী পরিবহনের চালক, হেলপার ও সুপারভাইজাররা একটি ইয়াবা ব্যাবসায়ী চক্রের সাথে এ ধরনের কাজ চালিয়ে আসছিল। আজ রবিবার সকালে তারা শ্যামলী পরিবহনের একটি গাড়ি চালিয়ে কক্সবাজার থেকে পাবনায় আসে। যাত্রী নামিয়ে দিয়ে তারা শহরের গাছপাড়া মোড়ে অবস্থান নিচ্ছিল এ ধরনের সংবাদের ভিত্তিতেই সেখানে অভিযান চালানো হয় এবং তাদের আটক করা হয়।
তবে এ ব্যাপারে শ্যামলী পরিবহনের চেয়ারম্যান গনেশ ঘোষের মুঠোফোনে বার বার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।



















