শাহ্ আলম শাহী,দিনাজপুর : দিনাজপুরে বাস দূর্ঘটনায় এক মহিলা নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৮ জন। এর মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক।
ঘটনাটি ঘটেছে, ২৬ এপ্রিল রবিবার সকাল সোয়া ১১টায় দিনাজপুর-রংপুর মহাসড়কে জামতলী নামক এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, আর্শিবাদ নামে একটি যাত্রীবাহি বাস রংপুর থেকে দিনাজপুর আসার পথে বেলা সোয়া ১১টায় দিনাজপুর-রংপুর মহাসড়কে জামতলী নামক স্থানে বাসটির চাকা ফেটে গেলে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে ২৯ জন আহত হয়। আহতদের দিনাজপুর মেডিকেল হাসপাতালের নেয়ার পরে সাবিনা (৪৫) নামে একজন যাত্রীর মৃত্যু হয়। আহত সকল যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক।
সড়ক দূর্ঘটনায় এ হতাহতের কথা স্বীকার করেছেন,দিনাজপুর কোতয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম.খালেকুজ্জামান। নিহত সাবিনা চিরিরবন্দর উপজেলার রানীবন্দর এলাকার আব্দুল হান্নানের স্ত্রী বলে জানিয়েছে পুলিশ। ছোটন নামে আহত একজনকে রংপুর মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।



















