ঝালকাঠি প্রতিনিধিঃ- ঝালকাঠি সরকারি মহিলা কলেজ ও ঝালকাঠি সরকারি কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা স্ব-স্ব প্রতিষ্ঠানের সামনের সড়কে মানববন্ধন কমূসূচী পালন করেছে। রবিবার সকাল সোয়া ১০ টায় ঝালকাঠি সরকারি মহিলা কলেজ এবং সকাল ১১ টায় ঝালকাঠি সরকারি কলেজের সামনের সড়কে মানব-বন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। গত ৯ এপ্রিল পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলা কলেজ কেন্দ্রে এইচ.এস.সি পরীক্ষা চলাকালীন সময় এই কলেজের শিক্ষক মমতাজ উদ্দিন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক লাঞ্চিত ও অপমান করা হয়। এর প্রতিবাদেই বি.সি.এস সাধারণ শিক্ষা সমিতির উদ্যোগে পূর্ন দিবস কর্ম বিরতি ও মানববন্ধন কর্মসূচীর প্রেক্ষিতে এই কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
কর্মসূচী চলাকালে ঝালকাঠি সরকারি মহিলা কলেজের মানববন্ধন অনুষ্ঠানে অধ্যক্ষ প্রফেসর বিমল চক্রবর্তী, প্রভাষক সিফাত উল্লাহ ও বজলুর রশিদ বক্তব্য রাখেন এবং সরকারি কলেজের মানববন্ধন কর্মসূচী চলাকালে কলেজ অধ্যক্ষ আধ্যাপক এ.কে.এম মুজিবুর রহমান বক্তব্য রাখেন। বক্তারা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী কর্মকর্তার অপসারণ এবং তার বিচার দাবী করেছে।



















