শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শ্রীবরদী আওয়ামী লীগের বিবদমান দুই গ্রুপের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন খোকার সমর্থক ও এমপি সমর্থিত গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জের ধরে রাতে শ্রীবরদী পৌর শহরের জেলা পরিষদ মার্কেটের সন্মূখে আশরাফ হোসেন খোকার ছেলে শাহিনুল ইসলাম শাহীনের সাথে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক জুয়েল আকন্দের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শাহীন ও তার সহযোগীরা জুয়েলের ওপর লাঠি-সোটা নিয়ে আক্রমন করে। জুয়েলের ওপর হামলা হয়েছে এমন খবর ছড়িয়ে পড়লে কিছুক্ষণের মধ্যে তার সমর্থকরা লাঠি-সোঠা ও দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে শাহীন ও তার সহযোগীদের খুঁজতে থাকে। এসময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়।
দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে আতঙ্কে শহরের লোকজন প্রাণভয়ে এদিক সেদিক ছুঁটতে থাকে। মূহুর্তের মধ্যে দোকানপাট বন্ধ হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌছার আগেই দু’পক্ষের হামলায় ১০-১২ টি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ ও ৩ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
শ্রীবরদী থানার উপ-পরিদর্শক বশির আহমদ বাদল ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
রিপোর্ট লেখা পর্যন্ত দুই গ্র“প শহরে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মহড়া দিচ্ছিল। শহরের থমথমে অবস্থা বিরাজ করছিল।



















