জাহাঙ্গীর আলম চৌধুরী, সুনামগঞ্জ : সুনামগঞ্জের দোয়ারায় স্বেচ্ছাশ্রমে বন্যায় ক্ষতিগ্রস্ত দোয়ারা-টেংরাটিলা গ্যাসফিল্ড সড়ক মেরামত করেছে এলাকাবাসী ও শিক্ষার্থীরা। শনিবার দিনব্যাপি উপজেলার সুরমা ইউনিয়নের টেংরাটিলা গ্যাস ফিল্ডের একমাত্র সড়কটি কয়েকদফা বন্যায় ক্ষতিগ্রস্থ সড়কটি স্বেচ্ছাশ্রমে মেরামত করা হয়। সাম্প্রতিক বন্যায় দোয়ারার বিভিন্ন কাঁচা সড়ক ক্ষতিগ্রস্থ হলেও দোয়ারা-টেংরাটিলা সড়কটি চলাচলে সম্পূর্ন অনুপযোগী হয়ে উঠে। বন্যা পরবর্তী সময়ে সড়কটি সরকারিভাবে মেরামতের কোনো উদ্যোগ না নেয়ায় স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কারের জন্য উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতিক, সুরমা ইউপি চেয়ারম্যান শাহজাহান মাস্টারসহ এলাকাবাসী ও শিক্ষার্থীরা উদ্যোগ গ্রহন করে। শনিবার সর্বস্থরের মানুষের আর্থিক সহায়তায় বালি ও ভাঙ্গা ইট ফেলে ১কিলোমিটার সড়ক সংস্কার কাজে লেগে পড়ে শিক্ষার্থীরা ও এলাকাবাসী। টেংরা মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউট শিক্ষক সাদিকুর রহমানের নেতৃত্বে অর্র্ধশতাধিক শিক্ষার্থী ও টেংরাটিলা ড্রাইভার সমিতির শ্রমিকরাসহ স্থানীয় যুবকরা দিনব্যাপী স্বেচ্ছশ্রমে সড়ক সংস্কার করে। ফলে দোয়ারার সাথে টেংরাটিলার যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটে। সড়ক সংস্কারে অংশ গ্রহন করেন, টেংরাটিলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন আহমদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক বজলুল মামুন, শ্রমিক নেতা হানিফ আলী, আমজাদ হোসাইনসহ শিক্ষার্থীরা।

সুরমা ইউপি চেয়ারম্যান শাহজাহান মাস্টার জানান, সম্প্রতি কয়েকদফা বন্যায় ইউনিয়নের সব ক’টি রাস্তা এখন চলাচল অযোগ্য হয়ে পড়েছে। বন্যা পরবর্তী সময়ে সরকারিভাবে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের উদ্যোগ না থাকায় চলাচল উপযোগী করতেই স্বেচ্ছাশ্রমে এলাকাবাসী সংস্কারের আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন আহমদ জানান, অবিলম্বে ক্ষতিগ্রস্থ সড়কগুলো সংস্কার করা জরুরী হয়ে পড়েছে। অন্যথায় যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়ার আশংকা রয়েছে।



















