ইমরোজ খোন্দকার বাপ্পি, পাবনা : বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিকারী হিসেবে আখ্যায়িত করে সাবেক পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকারকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে তার নির্বাচী এলাকা পাবনার বেড়ায়। সমাবেশ থেকে একে খন্দকারকে অবাঞ্ছিত ঘোষণা ও তার কুশপুত্তলিকা দাহ করে বিক্ষুব্ধ মানুষ।

আজ রোববার বিকেলে একে খন্দকারের নিজ নির্বাচনী এলাকা ও জন্মস্থান পাবনার বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা গ্রামে এ সমাবেশের আয়োজন করে মুক্তিযুদ্ধের সমর্থন গোষ্টি নামের একটি সংগঠন।
প্রথমে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে স্থানীয় এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মিছিল শেষে নতুন ভারেঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক ইব্রাহিম হোসেন মুন, মুক্তিযুদ্ধের সমর্থন গোষ্টির আহবায়ক ও ছাত্রলীগ নেতা সজিবুর রহমান সবুজ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলম খান প্রমুখ।
সমাবেশ শেষে এ কে খন্দকারকে তার এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করা হয় এবং তার কুশপুত্তলিকা দাহ করে বিক্ষুব্ধরা।



















